ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
চালকের ঘুমে নোয়াখালীতে দুর্ঘটনা, কী ঘটেছিল গাড়িতে?
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 August, 2025, 5:03 PM

চালকের ঘুমে নোয়াখালীতে দুর্ঘটনা, কী ঘটেছিল গাড়িতে?

চালকের ঘুমে নোয়াখালীতে দুর্ঘটনা, কী ঘটেছিল গাড়িতে?

ওমান প্রবাসী বাহার উদ্দীন তিন বছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিল তার পরিবার। কিন্তু ফেরার পথে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাহার উদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি খালে পড়ে ডুবে যায়। কয়েকজন গাড়ি থেকে বের হতে পারলেও বাকিরা আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতরা হলেন  বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

চালকের ঘুমেই প্রাণ গেল ৭ জনের

প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম বলেন, ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা একাধিকবার অনুরোধ করেছিলাম—গাড়ি দাঁড় করিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। কিন্তু সে বলেছিল সমস্যা নেই, চালাতে পারবে। 

পথেও কয়েকবার এমন হয়েছে যে সে ঘুমিয়ে পড়ছিল, আবার ঝটকা দিয়ে জেগে উঠছিল। চৌমুহনী পার হওয়ার পরও তাকে বিশ্রাম নিতে বলেছিলাম। বাংলাবাজার আসার পর হঠাৎ সে ঘুমে তলিয়ে গিয়ে গাড়ি খালে ফেলে দেয়।

তিনি আরও বলেন, গাড়িতে আমি, আমার ছেলে, ছেলের বউ, আমার শাশুড়ি, স্ত্রী ও তিন নাতনি ছিলাম। দুর্ঘটনার পর আমরা ৪ জন কোনোভাবে বের হতে পেরেছি, কিন্তু বাকি সবাই মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status