|
বিদেশে অবস্থান, তবুও বেতন-ভাতা উত্তোলন: চিলমারীর স্কুলশিক্ষিকাকে ঘিরে প্রশ্নের মুখে প্রশাসন
মোঃ মাহবুবুল হাসান,চিলমারী
|
![]() বিদেশে অবস্থান, তবুও বেতন-ভাতা উত্তোলন: চিলমারীর স্কুলশিক্ষিকাকে ঘিরে প্রশ্নের মুখে প্রশাসন জানা গেছে, মর্জিনা বেগম নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বিদ্যালয়ে তার উপস্থিতি সীমিত। প্রতিবছর তিনি অল্প কয়েক দিনের ছুটি নিয়ে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকেন। অথচ কর্মস্থলে অনুপস্থিত থাকা সত্ত্বেও নিয়মিতভাবে তার বেতন-ভাতা তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। উল্লেখ্য, মর্জিনা বেগমের স্বামী রানু মিয়া ও তার পরিবার ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। তিনিও নাগরিকত্ব প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছেন বলে জানা যায়। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, শিক্ষক হাজিরা খাতায় সর্বশেষ তার স্বাক্ষর রয়েছে গত ২ জুন। এর পর থেকে তার নামের স্থানে আর কোনো স্বাক্ষর নেই। বিদ্যালয় সূত্র বলছে, ২০২৪ সালের ২২ মার্চ থেকে ১ জুন পর্যন্ত সময়েও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক আব্দুল লতিফ জানান, “শিক্ষিকা মর্জিনা বেগমের ছুটির বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। সম্প্রতি ২৫ দিনের একটি ছুটির অনুমোদনপত্র উপজেলা শিক্ষা অফিস থেকে পেয়েছি।” সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, মর্জিনা বেগম ২৪ জুন থেকে ১৮ জুলাই ২০২৫ পর্যন্ত ২৫ দিনের ছুটির আবেদন বিভাগীয় উপপরিচালকের কাছে করে অনুমোদন পেয়েছেন। ওই অনুমোদনের কাগজ ২৫ জুলাই বিদ্যালয়ে পৌঁছেছে। এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্বে) মো. কামরুজ্জামান বলেন, “শিক্ষিকা মর্জিনা বেগম ২৫ দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছেন অসুস্থ স্বামীকে দেখতে। নির্ধারিত সময়ের পর ছুটি বৃদ্ধি না হলে এবং কর্মস্থলে যোগ না দিলে সরকারি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষক সমাজ, অভিভাবক এবং সচেতন মহলে মিশ্র প্রতিক্রিয়া ও প্রশ্নের জন্ম দিয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
