|
মাদ্রাসার খেলার মাঠ দখল করে ধান চাষ, হারাচ্ছে শৈশব
তামান্না জেনিফার, বরগুনা
|
![]() মাদ্রাসার খেলার মাঠ দখল করে ধান চাষ, হারাচ্ছে শৈশব বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিণখোলা সিএনএ দাখিল মাদ্রাসার একমাত্র খেলার মাঠে আমন ধানের বীজতলা তৈরি করেছেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা। ফলে মাসের পর মাস ধরে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে এমন অভিযোগ তুলেছেন মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার ওই মাঠে প্রতিদিনই তারা খেলাধুলা করত। কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে মাঠের চারপাশে খুঁটি পুঁতে ধানের বীজতলা বানানো হয়েছে। এতে করে তারা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী জুবায়ের ও তামিম বলেন, 'মাঠ দখল করে খুঁটি পুঁতে আমনের বীজতলা তৈরি করায় গত এক মাসেরও বেশি সময় ধরে আমরা মাঠে খেলাধুলা করতে পারছি না। শুনেছি সভাপতি জসিম মোল্লা তার লোকজন দিয়ে বীজতলা তৈরি করেছেন। ' অভিভাবক হানিফ মোল্লা বলেন, 'যিনি রক্ষক তিনিই যদি ভক্ষক হন তাহলে কেমন হয়? শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করবে কিন্তু সেখানে সভাপতি প্রভাব খাটিয়ে বীজতলা তৈরি করেছেন। এমন কাজের সঙ্গে জড়িতদের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়া ঠিক হয়নি।' অভিযোগের বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা বলেন, আমার এলাকার এক চাষি আল-আমিন বিপদে ছিল। মানবিক কারণে আমি তাকে মাঠে বীজতলা করার অনুমতি দিয়েছি। তবে এ বিষয়ে হরিণ খোলা সিএনএ দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মো. মুজ্জাম্মেল হুসাইন বলেন, 'মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি সদস্য মো. জসিম উদ্দিন মোল্লা আমাকে না জানিয়ে বীজতলা তৈরি করেছেন। মাদ্রাসার সভাপতি হওয়ায় আমি কিছুই বলতে পারেনি। ' এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল বলছেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কোনো ব্যক্তির ইচ্ছেমতো ব্যবহারের জায়গা নয়। যেখানে দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে, সেই মাঠ দখলের ঘটনা দৃষ্টান্তমূলকভাবে দমন না করলে, আগামীতে এমন ঘটনা বাড়তেই থাকবে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপই হতে পারে শিক্ষার্থীদের মাঠ ফিরে পাওয়ার একমাত্র আশার আলো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
