বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান ভোটাররা।
এদিকে সকালে ভাটগ্রাম স্কুল কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি।
আলদাদপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী জাসদের খাদেমুল ইসলাম। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
সকালে সাদুল্যাপুর মডেল বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণে ৬টি বুথ করা হয়েছে। তরফবাজিত দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম ছিল।
তবে কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইটিং অফিসার রেহানা বেগম বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন ভোটারের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে পারে বলে আশা করেন তিনি।
বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর সরকারি কেএম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কিছু ভোটার লাইনে অপেক্ষা করছেন।
প্রিজাইডিং কর্মকর্তা সুমন জানান, এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ২৩২ জন। সকাল সাড়ে ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০৫টি।
সকালে উপস্থিতি কম হলেও বেলা গড়ালে কেন্দ্রে উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রিজাইডিং কর্মকর্তা।
এ কেন্দ্রে ভোট দিতে আসা জয়েনপুর গ্রামের ভোটার জালাল বলেন, ভোট দেয়া নাগরিক দায়িত্ব। তাই সকালেই ভোট দিতে আসলাম। যারা ব্যবসা করে তারা সকালে ভোট দিতে এসেছে। অনেকে জমিতে কাজ করে দুপুরে ভোট দিতে আসবে।
এদিকে নির্বাচন উপলক্ষে সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।
জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভোট কেন্দ্র ১৩২টি। ১৩২ প্রিসাইডিং অফিসার, ৭৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০ প্লাটুন করে বিজিবি ও র্যাব ও ১ হাজার ৫৮৪ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয়।