ভারতে বেড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে জাসদ নেতার মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 27 January, 2019, 10:21 AM
ভারতে বেড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে জাসদ নেতার মৃত্যু
ভারতের দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে বন্যহাতির আক্রমণে নিহত হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা সৈয়দ সাইমুন কনক। শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সে বাতাবেড়ি মূর্তি নদীর কাছে জঙ্গলে এ ঘটনা ঘটে।
কনক জাসদ কেন্দ্রীয় কমিটির গণমাধ্যমবিষয়ক সম্পাদক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি প্রয়াত নূর আলম জিকুর বড় ছেলে। এক সপ্তাহ আগে ঢাকা থেকে স্ত্রী ও বন্ধুদের সঙ্গে নিয়ে সেখানে বেড়াতে যান তিনি।
স্ত্রীকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি ছবিও ফেসবুকে আপলোড করেন। তাদের একমাত্র ছেলে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র। তারা পুরান ঢাকার সদরঘাট-ওয়াইজঘাট এলাকার নবাববাড়ি সংলগ্ন পৈতৃক বাড়িতে থাকেন। কনকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি আলহাজ গোলাম মহসীন। কনকের স্ত্রী মালা সাইমুনের বরাত দিয়ে কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়দেব বিশ্বাস জানান, ময়নাতদন্ত শেষে লাশ বিমানযোগে শনিবার ঢাকায় আনা হবে। জানাজা শেষে ঢাকাতেই দাফন করার সিদ্ধান্ত হয়েছে।