ভারতরত্নে ভূষিত হওয়ায় প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 8:58 PM
ভারতরত্নে ভূষিত হওয়ায় প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন
ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। শুক্রবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তাকে এই সম্মানে ভূষিত করা হয়।
ভারতরত্ন ভূষিত হওয়ায় টেলিফোনে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়ায় প্রণব মুখার্জি টুইটবার্তায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এই প্রাপ্তি গোটা জীবনের কাজের স্বীকৃতি তো বটে, বাঙালি হিসেবেও গর্বিত। আমি সব সময় বলেছি, আজ আবার বলছি, এই মহান দেশের মানুষদের যতটা না দিতে পেরেছি, তার থেকে অনেক বেশি পেয়েছি।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।
এদিকে আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।
অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।