যতবার টি-টোয়েন্টিতে ইনিংসে ২ সেঞ্চুরি দেখেছে বিশ্ব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 January, 2019, 3:52 PM
যতবার টি-টোয়েন্টিতে ইনিংসে ২ সেঞ্চুরি দেখেছে বিশ্ব
টি-টোয়েন্টিতে এক ইনিংসে দুই সেঞ্চুরি খুব কম দেখেছে বিশ্ব। এবার সেই বিরল তালিকায় ঢুকে গেলেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো।
গেল শুক্রবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন হেলস ও রুশো। দুজনই করেছেন সমান ১০০ করে রান। ৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় তিন অংক স্পর্শ করেন হেলস। আর ৫১ বলে ৮ চার ও ৬ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন রুশো। তাদের জোড়া সেঞ্চুরিতে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস পেয়েছে বিপিএল। মুশফিক বাহিনীর বিপক্ষে ৪ উইকেটে ২৩৯ রান করে রংপুর।
এ নিয়ে এখন পর্যন্ত ক্রিকেটের সবচেয়ে ছোট সংষ্করণে তিনবার এক ইনিংসে দুই সেঞ্চুরি দেখল বিশ্ব। এর আগে দুইবার একই ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরির নজির স্থাপন করেন। প্রথম ২০১১ সালে, ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের বিপক্ষে সেঞ্চুরি করেন গ্লাউচেস্টারশায়ারের দুই ওপেনার কেভিন ও'ব্রায়ান (৫২ বলে ১১৯) ও হামিশ মার্শাল (৫৪ বলে ১০২)।
এরপর ২০১৬ সালে আইপিএলে গুজরাট লায়নসের বিপক্ষে একই ইনিংসে সেঞ্চুরি হাঁকান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ব্যাটকে তলোয়ার বানিয়ে প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করে ৫৫ বলে ৫ চার ও ৮ ছক্কায় ১০৯ রান করেন কোহলি। সঙ্গী ডি ভিলিয়ার্স করেন ৫২ বলে ১০ চার ও ১২ ছক্কায় ১২৯ রান।