ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ১৯ গ্রাম প্লাবিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 June, 2025, 5:37 PM

আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ১৯ গ্রাম প্লাবিত

আখাউড়ায় বন্যা পরিস্থিতির অবনতি, ১৯ গ্রাম প্লাবিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও কিছুটা অবনতি হয়েছে। নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে গ্রামীণ রাস্তাঘাট, কৃষি জমি, পুকুর ও জলাশয়। আখাউড়া স্থলবন্দরের শুল্ক অফিস ও ইমিগ্রেশন ভবনের সামনের চত্বরে পানি প্রবেশ করেছে। বন্দরের নিকটবর্তী আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের প্রায় ১০০ মিটার জুড়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ৪০০ এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

সোমবার (২ জুন) সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। জানা যায়, বন্যার্তদের সহায়তায় উপজেলা প্রশাসন ১১টি আশ্রয় কেন্দ্র চালু করেছে। এখন পর্যন্ত ১৩টি পরিবারের প্রায় ৫০ জন মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের মাঝে চাল, ডাল, মসলা, মুরি ইত্যাদি শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি এম রাশেদুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যে ১৮ থেকে ১৯টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং প্রায় ৪৫০টি পরিবার পানিবন্দী।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর, আব্দুল্লাহপুর, রহিমপুর, বঙ্গেরচর, বীরচন্দ্রপুর, সাহেবনগর এবং মোগড়া ইউনিয়নের আওড়ারচর, সেনারবাদী, ধাতুরপহেলা, বাউতলা, উমেদপুর, আদমপুর, রাজেন্দ্রপুর, ছয়গড়িয়া, জয়নগর, খলাপাড়া এবং মনিয়ন্দ ইউনিয়নের ইটনা, আইড়লসহ অন্তত ১৯টি গ্রামে পানি ঢুকেছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আকস্মিক বন্যায় উপজেলার ৬১ হেক্টর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে রয়েছে আউশ ধানের আবাদ ও বীজতলা, শাকসবজি, আদা, হলুদ এবং পুষ্টি বাগান।

আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নেছার উদ্দিন ভূঁইয়া বলেন, হঠাৎ বন্যার ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ও সিএন্ডএফ অফিসের ভেতরে পানি ঢুকেছে। তবে তারা বিকল্প উপায়ে কাজ চালিয়ে যাচ্ছেন।

বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান বলেন, বর্তমানে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সোমবার সকালে ৬টি ট্রাকে প্রায় ২৫ মেট্রিক টন মাছ ভারতে রপ্তানি হয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নদীর পানি ৩৬ সেন্টিমিটার কমেছে। তবে পরিস্থিতি এখনো সতর্ক পর্যায়ে রয়েছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চলছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status