|
গাজীপুরে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পদযাত্রা ব্রীজের দাবি
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, পদযাত্রা ব্রীজের দাবি নিহত ওমর ফারুক শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল। সে সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকার আবু তাহেরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২০মে) সকাল ১০টায় সড়ক পারাপারের সময় বাসচাপায় গুরুতর আহত হন ওমর ফারুক। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিক্ষার্থী ফারুক। রবিবার (২৫ মে) নিহতের খবর স্কুলে পৌঁছালে তার সহপাঠীরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পোড়াবাড়ি বাজার এলাকার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিক্ষার্থীরা জানান, বেপরোয়া গতির গাড়ি চাপায় প্রায়ই শিক্ষার্থী শ্রমিকসহ সাধারণ মানুষের মৃত্যু ঘটছে। এজন্য বাজার এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এদিকে, দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নাকাল হয়ে পড়ে জনজীবন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আটকে থাকা যাত্রী ও চালকেরা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর খবরে সকাল ১০টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় দুই ঘন্টা অবরোধের পর ১২টার দিকে সড়ক থেকে শিক্ষার্থীরা সড়ে গেলে পরিস্থিতি ও যানচলাচল স্বাভাবিক হয় বলেও জানান তিনি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
