|
টঙ্গীতে আ'লীগের ঝটিকা মিছিল, কয়েকঘন্টা পর গ্রেপ্তার-৩
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() টঙ্গীতে আ'লীগের ঝটিকা মিছিল, কয়েকঘন্টা পর গ্রেপ্তার-৩ এর আগে গাজীপুর মহানগরীর টঙ্গী বনমালা রোডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলটি করেন। বৃহস্পতিবার (২২ মে) ভোরে মহানগরীর বনমালা রোডে কিছু সময় ঝটিকা মিছিলের পর দ্রুতই সটকে পড়েন মিছিলে অংশ নেয়া আওয়ামী-নেতাকর্মীরা। মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় গাজীপুর আওয়ামী পরিবারের ব্যানারে মিছিলটি করেন নেতাকর্মীরা। পরে নগরজুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এর মধ্যে অন্যতম ছিলো "শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে।" টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়। এতে নগরীতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর পৃথক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
