দুই সাপ্তাহ ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ
শাহাদত তালুকদার,নালিতাবাড়ী
প্রকাশ: Thursday, 15 August, 2024, 6:59 PM
দুই সাপ্তাহ ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার কার্যালয়ে দুই সাপ্তাহ যাবৎ সব ধরনের নাগরিক সেবা বন্ধ রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার শেখ হাসিনার পদত্যাগের পর পৌরসভা কার্যালয়ে ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পৌরসভা কার্যালয়। লুট হয়ে গেছে পৌরসভার প্রায় সব মালামাল। ঘটনার পর থেকেই কার্যালয়ে আসছেন না মেয়রসহ সিংহভাগ কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্ধ রয়েছে নাগরিক সেবা।
ঘটনার দ্বিতীয় সাপ্তাহে দেখা গেছে কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা ভবনে এসে পুনরায় কার্যক্রম দ্রুত চালু করতে মালামালের তালিকা করছেন, আবার কয়েকজন মিলে গল্প করে সময় পার করছেন।এতে করে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন।
ইতিমধ্যে সরেজমিনে পৌর ভবনটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা। পৌর কার্যালয় ঘুরে দেখা যায়, দুবৃত্তদের দেয়া আগুনে পৌরসভার সব ধরনের প্রয়োজনীয় নথিপত্র পুরে ছাই হয়ে গেছে। পৌরসভা কার্যালয়ে ব্যবহৃত সকল কম্পিউটার, মনিটর, আইপিএস, ফ্যান, চেয়ার-টেবিল থেকে শুরু সকল প্রয়োজনীয় আসবাব পত্র লুটে নিয়ে যায় দুবৃত্তরা। আগুন দেয়া হয় ৪ টি গার্বেজ ট্রাকেও।সব মিলে এ ঘটনায় পৌরসভা কার্যালয়ে প্রায় ৫ কোটি ২৩ লাখ ৯২ হাজার ৯০০ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ রানা বলেন, নালিতাবাড়ী পৌরসভা থেকে লুট করা মালামাল ফেরত দেওয়ার অনুরোধ করছি। যারা এই কাজ গুলোর সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।সেই সাথে নাগরিক সেবা চলমান রাখতে যা যা প্রয়োজনীয়, দ্রুত তা ক্রয় করে কার্যক্রম শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে।