গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলোহ বিষয়ে কথা কাটাকাটির জেরে নিজ মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক বাবা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে কাপাসিয়া উপজেলার ১নং সিংহশ্রী ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারী হলেন স্মৃতি আক্তার (৩৫)। তিনি কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের সারফুদ্দিনের (৬০) মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সারফুদ্দিন ৪টি বিয়ে করেছেন। নিহত স্মৃতি আক্তার তার প্রথম স্ত্রীর মেয়ে। সারফুদ্দিন তার প্রথম স্ত্রীকে তালাক দিলেও স্ত্রী তার দেনাপাওনা বুঝে পেতে সন্তানদের নিয়ে সারফুদ্দিনের বাড়িতেই থাকেন। আর সারফুদ্দিন তার এক ভাই রেফাজউদ্দিনের বাড়িতে থাকেন। সকালে স্মৃতি আক্তার তার মাকে নিয়ে রেফাজউদ্দিনের বাড়ির পাশে গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করতে বাগানে গেলে সেখানে সারফুদ্দিনও যান।
পরে তাদের মধ্যে পারিবারিক কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে সারফুদ্দিন তার হাতের দা দিয়ে স্মৃতি আক্তারকে এলোপাথাড়ি ৪-৫টি কোপ দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে সারফুদ্দিন তাৎক্ষণিক সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা জানান, স্মৃতি আক্তার বিবাহিত। তার স্বামী দুবাই প্রবাসী। স্মৃতির ২টি ছেলে-মেয়ে রয়েছে। শ্বশুরবাড়ি কালীগঞ্জের ডুবুদিয়া এলাকায়। গত ঈদে তিনি মায়ের কাছে বেড়াতে আসেন।
ধরপাড়া এলাকার ইউপি সদস্য আতিকুল ইসলাম জানান, বাড়ির পাশে ধরপাড়া উত্তর পাড়া জামে মসজিদের পাশে কাঁঠাল বাগানে এ ঘটনা ঘটে। নিহতের বাবা তার মেয়ের এক হাত কেটে ফেলেছেন। গলার অর্ধেক কেটে ফেলেন। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি বলেন এ ঘটনায় দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার, পৃথিবীতে যেনো পিতামাতার হাতে কোন সন্তানের মৃত্যু না হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, পারিবারিক কলহের কারণে বাবা তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন। ঘাতক বাবা ৪টি বিয়ে করেছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে বাবা পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।