গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় মহাসড়ক পারাপারের সময় বাসের ধাক্কায় এক নারীর মৃত্যুর গুজবে তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় তারা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখে।
সোমবার (৩ জুন) রাত পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোর এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম ট্রেক্সটাইল মিলস এর সামনে এ ঘটনা ঘটে। বাসের ধাক্কায় আহত নারী শাপলা খাতুন (২৭), তিনি পাবনার চাটমোহর থানার জাবরকোল গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। তিনি গাজীপুরের বাসন থানা এলাকার সিটি মেডিকেল নামে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নার্স হিসেবে কর্মরত রয়েছেন।
উপস্থিত স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের কাশেম টেক্সটাইলস এর সামনে তাকওয়া পরিবহনের একটি বাস (গাজীপুর-জ-১১-০০৯২) এর ধাক্কায় শাপলা খাতুন গুরুতর আহত হন। পরবর্তীতে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের ওই মিনি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত উৎসুক জনতা। গুরুতর আহত শাপলা খাতুনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, তাকওয়া পরিবহনের বাসচাপায় বেসরকারি হাসপাতালের এক নার্স গুরুতর আহত হয়েছেন। তাকে এখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সেবিকার মৃত্যু হয়েছে এমন খবরে বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। আপাদত এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে।
গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, একজনের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ জনতা তাকওয়া বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।