পবিত্র ঈদুল আজহায় গরুবাহী ট্রাক রাস্তায় ওঠা নামা করতে পারবে না বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. মাহবুব আলম।রবিবার (০২জুন) সকালে চান্দনা চৌরাস্তায় আসন্ন ঈদযাত্রায় ট্রাফিক সচেতনতা ও যানবাহনের শৃঙ্খলায় আয়োজিত বিশেষ অভিযান পরিচালনা উপলক্ষে ট্রাফিক পুলিশ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব আলম আরও বলেন- আমরা নির্দেশনা দিয়েছি কোরবানির পশুর হাটের ভেতরে ট্রাকে গরু লোড-আনলোড হবে, রাস্তায় লোড আনলোড করতে পারবে না, রাস্তায় গরুবাহী ট্রাক থাকতে পারবে না। তিনি বলেন- ট্রাফিক সচেতনতায় গণপরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া হবে। একই সঙ্গে গার্মেন্টসের মালিক ও শ্রমিকদের সঙ্গে সচেতনতার জন্য তাদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া হেলমেটবিহীন মোটরসাইকেল ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগের গকটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে- ট্রাফিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, অটোরিকশাসহ সব অযান্ত্রিক (ব্যাটারি চালিত) যানবাহন যেন মহাসড়কে চলাচল করতে না পারে সে জন্য সচেতনতা বৃদ্ধি ও আটক করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ফুটপাত দখলমুক্ত করা হবে।
গণপরিবহণ ও পণ্যবাহী যানবাহনের মালিক শ্রমিকদের সঙ্গে সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। গার্মেন্টসসহ অন্যান্য কলকারখানার শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ও ট্রাফিক সচেতনতা সভার আয়োজন, স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ট্রাফিক সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।
ট্রাফিক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা ছাড়াও রেজিস্ট্রেশনবিহীন, হেলমেটবিহীন ও দু’জনের বেশি আরোহিত মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অবৈধ ও অননুমোদিত স্টিকার ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ও ভীতিকর, কর্কশ ও বিকট শব্দ সৃষ্টি করে এমন হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।