রাত পোহালে বুধবার (২৯ মে) দিনাজপুরের খানসামায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৮ মে)বিকেলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট নির্বাচনি সরঞ্জামাদি বুঝিয়ে দেন।
প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা নির্বাচনি সরঞ্জামাদি ও আইনশৃঙ্খলা বাহিনী কেন্দ্রে পৌঁছে গেছে।
খানসামা উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৭টি ভোটকেন্দ্রে ৪০১ টি বুথে সর্বমোট এক লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ভোট প্রদান করবেন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৬ হাজার ২৮ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ৫০০ জন। মোট ১২৬০ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী পোলিং অফিসার নির্বাচনে দায়িত্ব পালন করবে।
খানসামা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তাজ উদ্দিন জানান, প্রতিটি ইউনিয়ন এ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে পুলিশ আনসার মোতােনের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি টহলে থাকবে।
এ ছাড়াও এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন হেলিকপ্টার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, মোটরসাইকেল প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম এবং ঘোড়া প্রতীকে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উড়োজাহাজ প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান এ. টি. এম সুজাউদ্দিন শাহ্ লুহিন, তালা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, বৈদ্যুতিক বাল্ব প্রতীকে যুবনেতা হাজ্জাজ আল হাদী বড় বাবু এবং টিয়াপাখি প্রতীকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- কলস প্রতীকে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছা. মনজিল আফরোজ পারভীন, ফুটবল প্রতীকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, বৈদ্যুতিক পাখা প্রতীকে মোছা. গুলসান জান্নাত সানু এবং প্রজাপতি প্রতীকে মোছা. সারমিন রহমান।
সকল ভোটারদের মাঝে চাপা টান টান উত্তেজনা বিরাজ করছে। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিবে বলে আশ্বাস প্রদান করেছে প্রশাসন।