ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
তাপপ্রবাহ বইছে ৫১ জেলায়, আরো ৩ মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 April, 2024, 9:30 PM
সর্বশেষ আপডেট: Sunday, 21 April, 2024, 9:42 PM

তাপপ্রবাহ বইছে ৫১ জেলায়, আরো ৩ মৃত্যু

তাপপ্রবাহ বইছে ৫১ জেলায়, আরো ৩ মৃত্যু

দিনের শুরুতে দেশের ৪৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও রোববার সন্ধ্যা নাগাদ তা আরও দুই জেলায় বিস্তৃত হওয়ার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সন্ধ্যার বুলেটিনে সংস্থাটি জানিয়েছে, পাবনা ও চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর তীব্র তাপপ্রবাহ বইছে রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ার উপর দিয়ে।

এর বাইরে মৌলভীবাজার, চাঁদপুর জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে।

রোববার ২১ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস।

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “বৃষ্টিপাত না থাকায় তাপপ্রবাহের এ প্রবণতা অব্যাহত রয়েছে। ২৩-২৪ এপ্রিল পর্যন্ত এমন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এপ্রিল যে সবচেয়ে উষ্ণতম মাস তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “এ মাসে তাপপ্রবাহের এমন প্রবণতা স্বাভাবিক। গেল বছর সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল ঈশ্বরদীতে, আর ঢাকায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।

“এবারও তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে। কয়েকদিন পর তাপমাত্রা কমতে পারে।

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়। এর মধ্যে চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে শনিবার; সেদিন চুয়াডাঙ্গায় পারদ উঠেছিল ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র গরমের কারণে শনিবার স্কুল-কলেজে সাতদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। পরদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রচণ্ড গরমে হাঁসফাঁসের মধ্যে রোববার মেহেরপুর, সিলেট ও নরসিংদীতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার মৃত্যু হয়েছিল অন্তত দুইজনের।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status