রাজধানীর মতিঝিলে বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের (বিজিএমসি) সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক
বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, চলতি পাট মৌসুমে মানসম্মত পাটবীজের সংকট দূর করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি পাট মৌসুমে পাটবীজের সংকট হবে না।
বুধবার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের (বিজিএমসি) সম্মেলন কক্ষে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
পাটমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদের ১ম অধিবেশনের সমাপণী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। পাট সম্পর্কে প্রধানমন্ত্রীর বার্তাটি গুরুত্ব সহকারে অনুধাবন করে এ বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।
পাটখাতের সমস্যা সমাধানে কৃষি মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদাকে গুরুত্ব দিয়ে পাটপণ্যের রফতানি বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করা হবে।
মন্ত্রী বলেন, মন্ত্রণালয় অন্যান্য বছরের ন্যায় এবারও ৬ মার্চ ‘জাতীয় পাট দিবস ২০২৪’ উদযাপন করেছে। এবারের জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’। আগামী ১৪ মার্চ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পাট দিবসের মূল অনুষ্ঠান আয়োজন করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী এদিন ইজারার জন্য নির্ধারিত বিজেএমসি’র ৬টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন।
এছাড়াও ১৪ থেকে ১৬ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে।