হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও লঞ্চ ঘাটের একটি লঞ্চ থেকে রুম্পা শীল (২১) নামে এক তরুণীকে ৯৯৯ ফোন পেয়ে উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার দুপুরে কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়া তরুণী চট্টগ্রাম জেলার পটিয়া থানার পটিয়াকেলিশহর শীলপাড়া এলাকার মৃত সজল শীলের কন্যা।
পুলিশ জানায়, রুম্পা শীল নামের ঐ তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার আগের পরিচিত আলা উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি মঙ্গলবার রাতে ভৈরব লঞ্চ ঘাটে নিয়ে আসেন। পরে তাকে আল হেলাল নামক একটি লঞ্চে তোলা হয়। সেখানে তাকে তোলার পর ঐ ব্যক্তি মোবাইল চার্জ দেওয়ার কথা বলে সেখান থেকে চলে যান। পরবর্তীতে তিনি আর ফিরে আসেননি।
একপর্যায়ে লঞ্চটি ছেড়ে দিলে আলা উদ্দিনকে না পেয়ে ঐ তরুণী ৯৯৯- এ ফোন দেন। পরবর্তীতে বিষয়টি আজমিরীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িকে অবগত করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঐ তরুণীকে উদ্ধার করা হয়।
কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমকে উদ্ধার করে হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।