প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করবো: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 6 March, 2024, 8:26 PM
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করবো: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নত করাই আমার প্রধান লক্ষ্য। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারলে শহরে রোগীর চাপ কমে আসবে।
বুধবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, সিলেটের কয়েকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছি। দেখেছি সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। হাসপাতালগুলোতে জনবল সংকট রয়েছে এবং ভবন সংস্কার করার প্রয়োজন আছে। আমি সিলেটের সন্তান হিসেবে এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থাপনায় উন্নতি করার আপ্রাণ চেষ্টা করবো।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী ১৬ কোটি মানুষের মাঝে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে বেঁচে নিয়েছেন। আমি কখনো ভাবিনি মন্ত্রী হবো। আমার প্রতি সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। সাধারণ মানুষ যেন সুচিকিৎসা পায় আমি সেই লক্ষ্যে কাজ করে যাবো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মৌলভীবাজার-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ।