রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ কামারুজ্জামান হলের ছাদ ঢালাই দেবার সময় ভেঙে গেছে ছাদ ও বিমের সাটারিং। এতে আহত হয়েছে আট নির্মাণশ্রমিক। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই হলের সামনের মূল ফটকের ছাদের কাজ চলমান ছিল। এ ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। রামেক হাসপাতালে আহত তিনজন শ্রমিককে ভর্তি করা হয়। তারা হলেন- চাঁপাইনবাবগঞ্জের আজাদুল ইসলাম (২৮), সিফাত (২২) গোদাগাড়ীর সিহাব (২৪)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম জানান, ১০ তলা বিশিষ্ট হল নির্মাণের কাজ চলছিল। ফটকের কাছে প্রথম তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানকার সাটারিং ভেঙে এই ঘটনা ঘটে। এ সময় সবাই আতংকিত হয়ে ছোটাছুটি শুরু করে। পরে বোঝা যায় সাটারিং ভেঙে পড়েছে।
কিছুক্ষণ ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে পৌঁছানোর পর আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে কেউ মারা যায়নি।
রাজশাহীর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙে পড়েছে এমন খবরে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার শেষে বিস্তারিত জানানো হবে।