রাজবাড়ীর গোয়ালন্দে ব্যাডমিন্টন খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) এসআই মনিরুজ্জামান মুন্সির (৫৮) মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত পুলিশ সদস্যের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলা এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। রাত সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা পুলিশ লাইনসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এসআই মনিরুজ্জামানের মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোয়ালন্দে কর্মরত মনিরুজ্জামান মুন্সি রাজবাড়ী জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) ছিলেন।