ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 October, 2022, 10:13 PM

স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম

স্ত্রী-সন্তান নিয়ে দালানের বদলে মাটির কবরে নিজাম

শুক্রবার পবিত্র জুমার দিন। এ জন্য কুমিল্লার নাঙ্গলকোটের নিজাম উদ্দিনের স্বপ্ন ছিল আগামী শুক্রবারই দোয়া ও মিলাদের আয়োজন করে নতুন বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে পা রাখবেন স্ত্রী-সন্তান আর মা-বাবাকে নিয়ে। বছর পাঁচেক আগে মালয়েশিয়ায় পাড়ি জমানো নিজাম প্রায় এক মাস আগে ছুটিতে বাড়ি আসেন। নতুন ঘরের কাজ চলায় স্ত্রী-সন্তানসহ থাকছিলেন পুরনো বাড়ির একটি টিনের ঘরে।

তবে নিজামের নতুন বিল্ডিংয়ে ওঠার সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রচণ্ড ঝোড়ো বাতাসে নিজামদের ওই টিনের ঘরের ওপর বিশাল আকৃতির একটি কড়ইগাছ উপড়ে পড়ে। ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। উপড়ে পড়া বিশাল আকৃতির ওই গাছটি চাপা দেয় তাদের। এতেই ঘুমন্ত অবস্থায় চার বছরের শিশু আর স্ত্রীসহ প্রাণ যায় নিজামের।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব চলাকালে সোমবার রাত প্রায় ১১টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামে। প্রবাসী নিজাম উদ্দিন (৩৩) ওই গ্রামের আবদুর রশীদের ছেলে।  

নিজামের সঙ্গে নিহতরা হলেন তার স্ত্রী তাহমিনা আক্তার সাথী (২৮) ও তাদের মেয়ে চার বছরের শিশু নুরজাহান আক্তার নিহা।

মঙ্গলবার বাদ জোহর স্থানীয় হেসাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে মা-বাবা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদেরকে পারিবারিক করবস্থানে পাশাপাশি দাফন করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, সোমবার রাতে খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নিজাম, তার স্ত্রী সাথী ও মেয়ে নিহা। রাত ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ে কড়ইগাছ উপড়ে পড়ে তাদের ঘরের ওপর। এতে চাপা পড়েন এক খাটে ঘুমন্ত অবস্থায় থাকা তিনজনই। খবর পেয়ে স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে করাত দিয়ে গাছটি কেটে তাদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। তিনজনের দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। তাদের পরিবারের জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হচ্ছে।

নিজামের ভাতিজা আবদুর রহমান বলেন, ‘আমার চাচা মাত্র এক মাস আগে দেশে ফিরেছেন। বেশ কয়েক বছর বিদেশে থাকলেও আর্থিক সমস্যা আর তার বাবার অসুস্থতার কারণে বিল্ডিং করতে পারেননি। এবার পাকা ঘরের কাজ ধরেছিলেন। চার দিনের মধ্যে ভেতরের একটা রুমে ওঠার কথা ছিল তাদের। তাই রুমও ঠিক করেছিলেন। নতুন ঘরে ওঠার সব প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু সোমবার রাতের ওই ঝড়ে সব শেষ হয়ে গেছে। ’

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব ও বৃষ্টিতে কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় ৬৬৫ হেক্টরের বেশি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার রাত ৮টার পর নগরীসহ জেলার ১৭টি উপজেলার প্রায় সব স্থানেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১৭টি উপজেলার মধ্যে অন্তত ১২টি উপজেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন গ্রাহকরা।

ঘূর্ণিঝড়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ে রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় গাছ পড়ে সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সোমবার রাতভর বিভিন্ন স্থান থেকে গাছ সরিয়ে নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে প্রতিটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status