ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কিউইদের কাছে টাইগারদের শোচনীয় হার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 October, 2022, 4:40 PM

কিউইদের কাছে টাইগারদের শোচনীয় হার

কিউইদের কাছে টাইগারদের শোচনীয় হার

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রোববার ৮ উইকেটে হেরেছে টাইগাররা। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পেয়েছিল সাকিববাহিনী। জবাবে ২ উইকেট হারিয়ে ১৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ২৪ রানেই প্রথম উইকেট হারায় তারা। টাইগার পেসার শরিফুল ইসলামের বলে নাজমুল হাসান শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন কিউই ওপেনার ফিন অ্যালেন (১৬)। তবে এরপর ৮৫ রানের দারুণ জুটি গড়ে লক্ষ্যটাকে হাতের মুঠোয় নিয়ে আসেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।  

 বাংলাদেশি বোলারদের মধ্যে হাসান মাহমুদ ও শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুতগতিতে রান তুলতে পারছিলেন না কিউই ব্যাটাররা। তবে উইকেট ধরে রাখার সুফল পেয়েছে তারা। অধিনায়ক উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে কনওয়েকে দারুণ সঙ্গ দেন। কিউইদের সংগ্রহও ততক্ষণে ১০৯ রান।

উইলিয়ামসনের বিদায়ের পর হাল ধরেন কনওয়ে ও গ্লেন ফিলিপস। ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন কনওয়ে। তবে কখনোই অতি আগ্রাসী ব্যাটিংয়ের দিকে যাননি তিনি। রান তোলার গতি ঠিক রেখে ফিফটিও তুলে নেন তিনি। শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন কনওয়ে; ৫১ বলের মোকাবিলায় অপরাজিত থাকেন ৭০ রানে। ফিলিপসের ব্যাট থেকে আসে ৯ বলে ২৩* রান।

এর আগে বেশকিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেও ব্যাটিংয়ে সাফল্য পায়নি বাংলাদেশ। একাদশে অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন ইনিংস উদ্বোধনে নামা সাব্বির রহমান। তার জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত আর মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

আজকের ম্যাচে দেখা মিলল আরও এক নতুন উদ্বোধনী জুটির। মেহেদী হাসান মিরাজ ঠিক থাকলেন, তার সঙ্গে যোগ দিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যর্থ হলো এই জুটিও। দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই টিম সাউদির বলে অ্যাডাম মিলনের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত গেছেন মেহেদী হাসান মিরাজ।

এরপর ব্যর্থ হন লিটন দাসও। ১৬ বলে ১৫ রান করে এই ডানহাতি। সুযোগ পেয়েও ঠিকভাবে কাজে লাগাতে পারেননি নাজমুল হোসেন শান্ত। ইশ সোধির বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৪ চারে ২৯ বলে করেন ৩৩ রান। এরপর ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস দীর্ঘ করতে পারেননি আফিফ। ২৬ বলে ২৪ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

এরপর মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি রাব্বিরাও আউট হন অল্পতে। সাতে নেমে অধিনায়ক সাকিব করেন ১৬ বলে ১৬ রান। শেষদিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রান করেন সোহান। আর তাতে ভর করে মোটামুটি সংগ্রহ পায় বাংলাদেশ।

কিউইদের পক্ষে দুই উইকেট করে নেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, মিচেল ব্র্যাচওয়েল ও ইশ সোধি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status