ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
রাসুল (সা.)-এর কতজন সন্তান ছিল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 9 October, 2022, 11:07 AM

রাসুল (সা.)-এর কতজন সন্তান ছিল

রাসুল (সা.)-এর কতজন সন্তান ছিল

রাসুলুল্লাহ (সা.)-এর সর্বমোট তিন পুত্র ও চার কন্যা ছিল। ইবরাহিম ছাড়া বাকি ছয় সন্তানের সবাই ছিলেন খাদিজা (রা.)-এর গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসুল (সা.) দ্বিতীয় বিবাহ করেননি। (ইবনু হিশাম ১/১৯০; মুসলিম, হাদিস : ২৪৩৬)

মুহাম্মাদ (সা.)-এর সঙ্গে বিয়ের সময় খাদিজা (রা.) আগের দুই স্বামীর কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন।

তাঁর গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানরা ইসলাম কবুল করেন ও সবাই সাহাবি ছিলেন। খাদিজা (রা.)-এর গর্ভে রাসুল (সা.)-এর প্রথম সন্তান ছিলেন কাসেম। তার নামেই রাসুলুল্লাহ (সা.)-এর উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জয়নব, পুত্র আবদুল্লাহ, যার লকব ছিল তাইয়িব ও তাহের। কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা।

কাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়। যিনি ১৭ মাস বয়সে মারা যান। নবুয়ত লাভের পর আবদুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় আস বিন ওয়ায়েল প্রমুখ কুরায়েশ নেতারা রাসুল (সা.)-কে ‘আবতার’ বা নির্বংশ বলে অভিহিত করেন। কেননা সে যুগে কারো পুত্রসন্তান মারা গেলে এবং পরে পুত্রসন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে ‘আবতার’ বলত। অতঃপর চার কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে, জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট।

রাসুলুল্লাহ (সা.)-এর মোট সাত সন্তানের ছয়জনই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাঁদের মধ্যে পুত্ররা শৈশবে মারা যান। কন্যারা সবাই বিবাহিতা হন ও হিজরত করেন। কিন্তু ফাতেমা (রা.) ছাড়া বাকি তিন কন্যা রাসুল (সা.)-এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ছয় মাস পর ফাতেমা (রা.) মারা যান। রাসুল (সা.)-এর সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ‘ইবরাহিম’। তিনি ছিলেন মিসরীয় দাসী মারিয়া কিবতিয়ার গর্ভজাত। যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র ১৮ মাস বয়সে ১০ম হিজরির ২৯ শাওয়াল মোতাবেক ৬৩২ খ্রিস্টাব্দে ২৭ অথবা ৩০ জানুয়ারি সূর্য গ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন। (বুখারি, হাদিস : ১০৬০; মুসলিম, হাদিস : ৯০৬; রহমাতুল্লিল আলামিন : ২/৯৮)


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status