ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বিআরটির সব কাজ বন্ধের নির্দেশ মেয়র আতিকের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 August, 2022, 1:04 PM

বিআরটির সব কাজ বন্ধের নির্দেশ মেয়র আতিকের

বিআরটির সব কাজ বন্ধের নির্দেশ মেয়র আতিকের

রাজধানীর উত্তরায় কোনো রকম নিরাপত্তা ছাড়াই চলছিল বিআরটি প্রকল্পের কাজ। ফলে যা হলো! শিশুসহ পাঁচ প্রাণ ঝরে গেল গার্ডারচাপায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলছেন, এভাবে উন্নয়ন কাজ চলতে দেয়া যাবে না। তাই বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সব কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।


মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরার জসিম উদ্দিন রোডে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি কথা বলেন।


মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘উত্তরায় বিআরটি প্রকল্পের কাজ পরিচালনায় ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। কিছুদিন পরপরই দুর্ঘটনা ঘটছে। জনদুর্ভোগ বাড়ছে। এভাবে উন্নয়ন কাজ চলতে দেওয়া যাবে না। আগে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’


ঢাকায় বিআরটি, মেট্রোরেলসহ অনেকগুলো প্রকল্পের কাজ চলমান রয়েছে উল্লেখ করে মেয়র আতিক বলেন, ‘সব প্রকল্পের পরিচালকদের আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) নগর ভবনে ডাকা হয়েছে। তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করলেই কাজ শুরু করতে পারবে।’


সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় ব্যস্ততম জসিম উদ্দিন সড়কের আড়ংয়ের সামনে ক্রেন থেকে ছিঁড়ে চলন্ত প্রাইভেটকারের ওপর পড়ে ফ্লাইওভারের গার্ডার। এতে দুই শিশুসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়।


জানা যায়, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারকারটি নরসিংদীতে বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে আশুলিয়া যাচ্ছিল। পথে উত্তরার জসিম উদ্দিন পৌঁছালে চলমান বিআরটি প্রকল্পের একটি গার্ডার ক্রেন থেকে ছিড়ে পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় নববধু রিয়া মনি ও তার স্বামী হৃদয় আহত হন।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকল্পের একটি গার্ডার ক্রেন দিয়ে সরানো হচ্ছিল। এসময় ক্রেনটি গার্ডারের ভর ঠেকাতে না পারলে ওই দিক দিয়ে যাওয়া একটি প্রাইভেটকারের ওপরে পড়ে। সেসময় আশপাশে কোনো নিরাপত্তা বেষ্টনি ছিল না।


প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে একটি চীনা কোম্পানি। ঘটনার পর প্রকল্পটির দায়িত্বে থাকা দুই চীনা নাগরিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।


প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই দুর্ঘটনার অন্যতম কারণ অবহেলা। দুর্ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানটির একজন বিশেষজ্ঞ এসেছিলেন। কিন্তু তিনি অবস্থা দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


গত কয়েক বছর ধরেই রাজধানীতে মেগাপ্রকল্পের কাজ চলমান। এসব উন্নয়ন কার্যক্রম চলাকালে হরহামেশা দুর্ঘটনা ঘটছে। চলতি বছরও একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে হতাহতের শিকার হয়েছেন বেশ কয়েকজন।


ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত যানজট নিরসনে ২০১২ সালে বিআরটি প্রকল্পের কাজ শুরু হয়। প্রকল্পের কাজ ২০২২ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বেড়েছে। এ প্রকল্পের নির্মাণকাজের কারণে উত্তরাসহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে। এর আগে ৩০ মে রাজধানীর পল্লবী এলাকায় মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়। তার নাম মাহবুবুর রহমান তালুকদার। তিনি একটি জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন। ১৫ জুলাই বিকেলে চান্দনা চৌরাস্তায় চৌধুরী অ্যান্ড কোম্পানি ফিলিং স্টেশনের সামনে গার্ডার চাপায় জিয়াউর রহমান নামে এক নিরাপত্তারক্ষী নিহত হন। গত বছরের ১৪ মার্চ সকালে এই বিআরটিরই গার্ডার ভেঙে অন্তত চারজন আহত হন, যাদের মধ্যে দুজন বিদেশিও ছিলেন। তখন ফায়ারকর্মীরা জানান, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে ফ্লাইওভারে স্থাপনের কাজ চলছিল। সেসময় সেটি ছিটকে ভেঙে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status