ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সাকিবকে ‘কড়া’ বার্তা বিসিবির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 7 August, 2022, 11:37 AM

সাকিবকে ‘কড়া’ বার্তা বিসিবির

সাকিবকে ‘কড়া’ বার্তা বিসিবির

ভিন্ন একটি সূত্র থেকে বেটউইনার নিউজের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ছবি দেখে বোর্ড কর্মকর্তাদের মনে সংশয় জেগেছিল, কারিকুরি করা নয় তো! কিন্তু বৃহস্পতিবার দুপুরে টেলিফোনে সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব। এরপর তাঁকে বোর্ডের অবস্থান জানিয়েছেন প্রধান নির্বাহী।

‘আমরা ভিন্ন একটি মাধ্যম থেকে বেটউইনার নিউজের ছবিটা (সাকিবসহ) পেয়েছিলাম।

আজকাল তো অনেকেই ছবি এডিট করে। ভেবেছিলাম, সেরকম কিছু কি না। কিন্তু বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ হওয়ার পর সাকিবের কাছ থেকেই জেনেছি যে, তিনি চুক্তিটা করেছেন’ গতকাল কালের কণ্ঠকে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী। এটি স্রেফ একটি নিউজি পোর্টাল ভেবেই দূতিয়ালির প্রস্তাবে রাজি হয়েছেন বলে বোর্ডকে অবহিত করেছেন সাকিব। বোর্ডের পক্ষ থেকে যোগাযোগ করে সেরকমই জেনেছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘যতটুকু সাকিবের কাছ থেকে শুনেছি, তাঁকে হয়তো তারা (বেটউইনার নিউজ কর্তৃপক্ষ এবং চুক্তির মাধ্যম বা এজেন্ট) বিষয়টি অন্যভাবে উপস্থাপন করেছে। ’

তবে একালের ক্রিকেটে বিষয়টি এমন সরলও নয়। বিশেষ করে ক্রিকেট-জুয়া নিয়ে ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে প্রতিনিয়ত অবহিত করে সংশ্লিষ্ট বোর্ড এবং তাই অন্য সব বোর্ডের মতো বিসিবির চুক্তিতেও একটি শর্ত আছে, যেকোনো পণ্যের দূতিয়ালি করার আগে অনুমতি বাধ্যতামূলক। বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির আগে চুক্তি ভঙ্গ করেছেন সাকিব, এমনটাই মনে করছেন নিজামউদ্দিন, ‘নিউজ হওয়ার পর তার কাছ থেকেই জেনেছি যে তিনি চুক্তি করেছেন। ’

চারণা আছে, দূতিয়ালির ব্যাপারে বোর্ডের অনুমোদনের শর্তটি পালন করেন না সাকিব আল হাসান। বিসিবির প্রধান নির্বাহী অবশ্য এমন ঢালাও প্রচারে একমত নন, ‘সব সময় এমনটা হয়েছে, তা বলব না। ’ তবে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তির বিষয়টি বোর্ডকে অবহিত করেননি সাকিব, সেটি নিশ্চিত। ‘বেটউইনার নিউজ আর বেটউইনার বেটিং হাউসের ব্যাপারটা সবাই বুঝি। এটা আমাদের বোর্ডের ভাবমূর্তির জন্য ভালো কিছু না। তা ছাড়া আমাদের দেশেরও আইন আছে। তাঁকে বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি খুব দ্রুতই নিষ্পত্তি হবে বলে আশা করছি’, জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী।

‘দ্রুত’ বলতে, আজকের মধ্যেই বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়টি নিষ্পত্তি হয়ে যাওয়ার কথা। কারণ আজ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী, ‘রবিবার (আজ) এশিয়া কাপের দল ঘোষণা হবে। কারণ খেলোয়াড়দের তালিকা এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল), আইসিসিকে দেওয়ার ব্যাপার আছে। ’ এই টুর্নামেন্টে শুধু একজন খেলোয়াড় না, অধিনায়ক হিসেবে সাকিবকে ভাবা হচ্ছিল। কিন্তু বেটউইনার নিউজের ‘খবরে’ সেই ভাবনা কি হোঁচট খেয়েছে? নিজামউদ্দিন চৌধুরী সে প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, ‘দল নির্বাচনে আমি সম্পৃক্ত নই। আর অধিনায়কত্বের বিষয়টি বোর্ডের ব্যাপার। তবে একটা ব্যাপার পরিষ্কার, বোর্ড সভাপতি সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন যে এটা অনুমোদন করা যায় না। সাকিবকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। ’

তাতে একটা বিষয় পরিষ্কার, ‘বেটউইনার নিউজ’ নিছকই একটি নিউজি পোর্টাল, এটি ধর্তব্যে নিচ্ছে না বিসিবি। এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শও দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। কিন্তু তিনি যদি সেটি না করেন? ‘আমরা আশাবাদী এই বিষয়টির একটি সুষ্ঠু সমাধান হবে। একটা কথা তো আগেও বলেছি, তিনি (সাকিব) বুঝতে পারলে কাজটা সহজ করতে পারেন, আবার জটিলও করতে পারেন’, এর বেশি কিছু বলতে রাজি হননি বিসিবির প্রধান নির্বাহী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status