পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে গোপনে স্পাই ডিভাইস বসাতে গিয়ে আটক হন তারই বাড়ির কর্মী।
সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, ইমরান খানের বানি গালার বাড়িতে স্পাই ডিভাইস বসানোর চেষ্টা করছিলেন এক যুবক। পরে তাকে আটক করা হয়।
পিটিআই নেতা শাহবাজ গিল সংবাদমাধ্যমকে জানান, ইমরান খানের বাড়ির নিরাপত্তায় নিয়োজিত টিম ডিভাইস বসানোর চেষ্টা টের পায়। পরে ইমরান খানের শয়নকক্ষের একজন পরিচ্ছন্নতাকর্মীকে আটক করে পুলিশে দেয়া হয়।
একজন নিরাপত্তাকর্মী জানিয়েছেন, ওই পরিচ্ছন্নতাকর্মী স্বীকার করেছেন, তাকে স্পাই ডিভাইস বসানোর জন্য অর্থ দেয়া হয়েছিল।
এর আগে গত সপ্তাহে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ইমরান খানকে হত্যা করতে গুপ্তঘাতক ভাড়া করা হয়েছে বলে সতর্ক করে।
এ ঘটনার পর নড়েচড়ে বসে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। তারা খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আবারও সতর্কতা জারি করে। তারা জানায়, বিষয়টি সরকার ও নিরাপত্তা বাহিনীকে অবহিত করা হয়েছে।