প্রকাশ: Tuesday, 31 May, 2022, 2:21 PM সর্বশেষ আপডেট: Tuesday, 31 May, 2022, 2:33 PM
অপো বাংলাদেশের বিরুদ্ধে ৪ গুরুতর অভিযোগ!
চলতি বছরের এপ্রিলে 'অপো বাংলাদেশ' এর বিরুদ্ধে আমদানি শুল্ক ফাঁকির অভিযোগ ওঠে। কয়েকদিনের ব্যবধানে দেশে নিষিদ্ধ এমন একটি গেমসের প্রচারণা চালানোর অভিযোগ ওঠে চীনা মোবাইল নির্মাতা এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
সময় অতিবাহিতের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগের তালিকা। সর্বশেষ চলতি মাসে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় প্রতিষ্ঠানটির কর্মক্ষেত্রের ভয়াবহ চিত্র।
জানা গেছে, কর্মক্ষেত্রে হয়রানি ওযৌন নির্যাতনের অভিযোগ তুলে ২০২১ সালের জুন মাসে অপো বাংলাদেশের পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ দেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী। আইনি নোটিশে সুনির্দিষ্টভাবে পাঁচ কর্মকর্তার নাম উল্লেখ করে যৌন পীড়ন এবং কর্মক্ষেত্রে হয়রানি করার জন্য ওই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা বা পদক্ষেপ চান ভুক্তভূগী। সেখানে তিনি অপোর কাছে ১০ লাখ ২৫ হাজার টাকা পাওনার বিষয়েও ছাড়পত্র চান। নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে ব্যবস্থা চান। আইনি নোটিশ পাওয়ার এক বছর অতিবাহিত হলেও কোনো প্রতিকার পাননি ভুক্তভূগী।
অপো বাংলাদেশের বিরুদ্ধে কর্মক্ষেত্রে দেশের শ্রমআইন ভঙ্গের খবরও উঠে আসে সংবাদমাধ্যমগুলোতে। প্রকাশিত সংবাদ অনুযায়ী 'অপো বাংলাদেশ' তাদের অফিসে ‘স্টাফ ম্যানেজমেন্ট রেগুলেশন (ভিইআর৬.০)’ নামে কর্মী ব্যবস্থাপনা বিধিমালা জারি করে বিভিন্নভাবে কর্মী অধিকার লঙ্ঘন, মানসিক নির্যাতন ও বাংলাদেশের শ্রম আইন অমান্য করছে। যা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর অনুমোদিত নয়।
অপরদিকে সংবাদ প্রকাশের পর ‘যৌন হয়রানির’ অভিযোগকারী ভুক্তভোগীর সঙ্গে আলোচনার ইচ্ছে পোষণের পাশাপাশি দেশের শ্রম আইন ও অন্যান্য আইনের সাথে প্রতিষ্ঠানের 'অসঙ্গতি' নিরসনে এইচআর পলিসি নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে অপো বাংলাদেশ।