ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মন্ত্রীর সঙ্গে ফটোসেশনের পর ফিরিয়ে নেওয়া হয় ত্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 May, 2022, 8:30 PM
সর্বশেষ আপডেট: Sunday, 22 May, 2022, 11:35 PM

মন্ত্রীর সঙ্গে ফটোসেশনের পর ফিরিয়ে নেওয়া হয় ত্রাণ

মন্ত্রীর সঙ্গে ফটোসেশনের পর ফিরিয়ে নেওয়া হয় ত্রাণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সদরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ত্রাণ দিবেন এমন খবরে জড়ো হয় হাজারও মানুষ। বুক ভরা আশা নিয়ে এ সকল বন্যার্ত অসহায় এসেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় লটারি করে দেওয়া ত্রাণটি পরে দেওয়ার কথা বলে ফিরিয়ে নেওয়া হয়। ঘটনাটি জানাজানির পর এ নিয়ে তোলপাড় উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, মন্ত্রী আসেন যথাসময়ে এবং বক্তব্য ও রাখেন। তিনি এরপর ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। মন্ত্রী নিজ হাতে বিতরণ করবেন এ জন্য তালিকা থেকে লটারি করে তিনজন ‘ভাগ্যবান’ নির্ধারণ করা হয়। এই তিনজনের একজন ছিলেন মাহফুজ মিয়া নামের একজন। মন্ত্রীর হাত থেকে তিনি গ্রহণ করেন ১০ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। ত্রাণের প্যাকেট হাতে পেয়ে অনেকটা উৎফুল্ল হয়ে ওঠেন মাহফুজ মিয়া। কিন্তু সেই হাসি বেশি সময় ধরে থাকেনি। ত্রাণ নিয়ে মঞ্চ থেকে নামার পরই মাহফুজের হাত থেকে কেড়ে নেওয়া হয় ত্রাণের বস্তা। বলা হয়, এটা ছিল ফটোসেশন। পরে সবাইকে একসঙ্গে ত্রাণ দেওয়া হবে। ফলে মাহফুজের আর ত্রাণ নিয়ে বাড়ি ফেরা হয়নি। এর আগেই জড়ো হওয়া লোকজন কাড়াকাড়ি শুরু করেন ত্রাণের বস্তা নিয়ে। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এর আগে অনেকেই কাড়াকাড়ি করে লুটে নেন ত্রাণের বস্তা। আর মাহফুজ ফেরেন খালি হাতে।

মাহফুজ যখন ত্রাণ নিতে যান তখন ছবি তোলা হয়, ভিডিওচিত্রও ধারণ করা হয়। ত্রাণ নিয়ে মঞ্চ থেকে ফেরার পরই মাহফুজের হাত থেকে কেড়ে নেয় হয় ত্রাণের বস্তা। বক্তৃতা ও ফটোসেশন পর্ব শেষে মন্ত্রী চলে যেতে না যেতে উপস্থিত লোকজনের মধ্যে শুরু হয় ত্রাণের প্যাকেট নিয়ে কাড়াকাড়ি। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু মাহফুজ ফিরে পাননি তার ত্রাণের প্যাকেট। বলা হয় পরে তালিকার সবাইকে একসঙ্গে ত্রাণ দেওয়া হবে।

মাহফুজ বলেন, সবার আগে মন্ত্রীর হাত থেকে আমি ত্রাণ নিয়ে আসলাম। কিন্তু তারা আবার নিয়ে নিলো। শেষ পর্যন্ত আর ত্রাণ পেলাম না। উল্টো পুলিশের লাঠির বাড়ি খেতে হলো।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমরা যতই ত্রাণ দেই না কেন, তারপরও কিন্তু কম পড়বে। আমরা কোনো ইউনিয়নে ১০০ মণ চাল দিলে ১০০ জন পাবে, যদি ২০০ জন চলে আসে, তাহলে অর্ধেক করে সেটা দেওয়া যায়। যদি খোলা চাল ও গম থাকে। কিন্তু প্যাকেট করা খাবার তো ভাগ করা যায় না। তাই যারা আগে থেকে তালিকাভুক্ত হয়েছে তাদেরকে দেওয়া হয়েছে। কেউ যদি নির্দিষ্টভাবে দেখাতে পারে যে তালিকায় অনিয়ম হয়েছে, আমি কঠিন ব্যবস্থা নেব। সূত্র: ডেইলি স্টার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status