প্রকাশ: Saturday, 23 April, 2022, 9:42 AM সর্বশেষ আপডেট: Saturday, 23 April, 2022, 12:01 PM
কক্সবাজারে গোলাগুলিতে ১৫ পথচারী গুলিবিদ্ধ
কক্সবাজার সদরের খুরুশকুলে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে গুলিতে অন্তত ১৫জন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গতকাল শুক্রবার ( ২৩ এপ্রিল) দুপুরের দিকে খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, কুলিয়া পাড়া ফারুকের ও রাশেদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে জুমার নামাজের পর দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয়। এতে ১৫ জন পথচারী গুলিবিদ্ধ হয়।
ফারুকের অভিযোগ, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাশেদের ভাই আবু সুফিয়ান ও তাদের পক্ষের মনজুরের ভাতিজা বাবু গুলিবর্ষণ করেন। তবে এই বিষয়ে অভিযুক্ত রাশেদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে ইফতাদুল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খুরুশকুল ইউপি চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষ গুলিবর্ষণ করে। গুলিতে পথচারীরা গুলিবিদ্ধ হয়েছে বলে জেনেছি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস বলেন, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা জেনেছি। ঘটনা তদন্তের জন্য সন্ধ্যার দিকে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।