ইউক্রেনের মারিওপোল শহরে আজভস্তাল ইস্পাত কারখানায় আটকে পড়েছেন ইউক্রেনীয় যোদ্ধারা এবং বেসামরিক নাগরিকরা। ইউক্রেনীয় যোদ্ধাদের একজন বিবিসিকে বলেছেন, অবরুদ্ধ ইস্পাত কারখানায় তারা আটকে রয়েছেন। সেখানে মাটির উপরে অনেকাংশে ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক লোকজন ধসে পড়া ভবনের নীচে আটকা পড়ে আছে।
আজভস্তাল ইস্পাত কারখানা থেকে যোদ্ধা স্ব্যাতোস্লভ পালামার বলেছেন, মারিওপোলের শেষ অংশটি এখনো রুশ বাহিনীর দখলে চলে যায়নি।
ইউক্রেনীয় যোদ্ধারা এখনো দখলদার বাহিনীকে প্রতিহত করছে।
তিনি আরো বলেছেন, আমি সবসময় বলছি যে, যতক্ষণ আমরা এখানে আছি, মারিওপোল ইউক্রেনের নিয়ন্ত্রণেই থাকবে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের সৈন্যদের আজভস্তাল ইস্পাত কারখানায় তাণ্ডব না চালানোর নির্দেশ দিয়েছেন। পুতিন আজভস্তাল ইস্পাত কারখানাকে এমনভাবে সিল করতে বলেছেন, যেন একটি 'মাছি'ও পালাতে না পারে। কৌশলগত বন্দর শহরটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে বলেও মন্তব্য করেছেন তিনি।
পালামার বলেছেন, রুশরা যুদ্ধজাহাজ থেকে ইস্পাত কারখানায় হামলা চালিয়েছিল এবং বাঙ্কার-বিধ্বংসী বোমা ফেলেছিল। বাঙ্কারের ভেতরে আমরা আহত ও মৃত অবস্থায় আটকা পড়েছি। ধসে পড়া ভবনের নিচে বেসামরিক অনেক মানুষ আটকা পড়ে আছে। যদিও তিনি যে সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কথা বলেছেন, সেই অ্যাকাউন্টের সত্যতা যাচাই করা যায়নি।
এর আগে মারিওপোল শহরে থাকা ইউক্রেনীয় বাহিনীর অধিনায়ক এক ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তাটি 'বিশ্বের প্রতি শেষ বার্তা' হিসেবে উল্লেখ করেছেন তিনি।
সেখানে ইউক্রেনীয় বাহিনীর অধিনায়ক বলেছেন, তারা আর মাত্র কয়েক দিন বা কয়েক ঘণ্টা হয়তো টিকে থাকতে পারবেন। ওই বার্তায় মেজর সেরহিভ ভলিয়ানা জানান, তাদের জরুরি সরবরাহ শেষ হয়ে আসছে ও রুশ সেনারা তাদের চারদিক থেকে ঘিরে ফেলছে। সূত্র: বিবিসি।