ওড়না ধরে টান দেওয়ার অভিযোগ, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 20 April, 2022, 11:39 AM
ওড়না ধরে টান দেওয়ার অভিযোগ, ২ পুলিশ সদস্যকে প্রত্যাহার
রাজধানীর বনানীর শেরাটন হোটেলের সামনে এক নারীর ওড়না ধরে টান দেওয়ার অভিযোগে গুলশান থানার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
রাজধানীর বনানী থেকে ফেসবুক লাইভে এসে এক নারী অভিযোগ করেছেন, পুলিশের দুই সদস্য তার ওড়না ধরে টান দিয়েছেন। এ ঘটনার পর পুলিশের গুলশান বিভাগের দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের পর বনানীর শেরাটন হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই কনস্টেবল পুলিশের গুলশান বিভাগের একজন অতিরিক্ত উপ-কমিশনারের দেহরক্ষী ও অপরজন গাড়িচালকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, ফেসবুকে করা অভিযোগের ভিত্তিতে দুই কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে।
ফেসবুকে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, এক নারী একটি পুলিশের পিকআপের সামনে দাঁড়ানো এক ব্যক্তিকে গালিগালাজ করে বলছেন এই ব্যক্তি তার ওড়না ধরে টান দিয়েছেন। তাকে পুলিশ সদস্যদের উদ্দেশে গালাগাল করতে শোনা যায়। এ সময় সেখানে সাদা পোশাকে ছিলেন দুই পুলিশ সদস্য।
পাশে থাকা এক যুবককে তার স্বামী পরিচয় দিয়ে ওই নারী বলেন, এক পুলিশ সদস্য তার স্বামীর শার্ট ছিঁড়ে ফেলেছেন। ওই যুবকও পুলিশ সদস্যদের চোখ তুলে ফেলার হুমকি দিচ্ছিলেন। অপর দিকে তারা চুপ ছিলেন।
ফেসবুকে লাইভ করার আগে ওই এলাকার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ওই নারী হেঁটে যাচ্ছেন। পেছনে তার স্বামী পরিচয়দানকারী ব্যক্তির হাত ধরে দুই পুলিশ সদস্যের টানাহেঁচড়া চলছে। তবে ওই নারীর সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটতে দেখা যায়নি।