ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 15 April, 2022, 12:48 PM

কুমিল্লায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লায় সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনায় মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে নিহত মহিউদ্দিন সরকার নাঈমের (২৮) মা নাজমা বেগম বাদী হয়ে বুড়িচং থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর হোসেন।

গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর এলাকায় ওই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। নিহত মহিউদ্দিন সরকার নাঈম (২৮) পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশারফ হোসেন সরকারের ছেলে। তিনি আগে আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া দৈনিক কুমিল্লার ডাক নামে স্থানীয় একটি সংবাদপত্রে স্টাফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার রাতে বুড়িচং থানায় দায়ের করা হত্যা মামলায় প্রধান আসামি করা হয়েছে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের মো. রাজুকে। রাজু জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে।

এদিকে, ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো খুনের ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও সহকর্মীরা। তাদের দাবি, মাদকবিরোধী অবস্থানের কারণে সাংবাদিক মহিউদ্দিনকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, আমরা ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি। মাদক কারবারি রাজুসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের মা। তবে তদন্তের স্বার্থে আমরা এখনো বাকি আসামিদের নাম প্রকাশ করছি না। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রাজুসহ সব আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ব্যবসায়ীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন মারা গেছেন। সুরতহালে দেখা গেছে, তার শরীরে মোট ছয়টি গুলি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে এদিন দুপুরে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহত মহিউদ্দিন দুই ভাই আর এক বোনের মধ্যে বড় ছিলেন। ছোট ভাই হৃদয় সরকার সৌদি আরবে থাকেন। একমাত্র বোন শারমিন আক্তার কুমিল্লা নগরীতে স্বামীর বাড়িতে থাকেন। তার বাবা মোশাররফ হোসেন বাংলাদেশ পুলিশে দীর্ঘ ৩৪ বছর চাকরি শেষে গত ১৪ ফেব্রুয়ারি অবসরে যান। তিনি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।

মহিউদ্দিনের বাবা মোশাররফ হোসেন সরকার বলেন, আমি সব সময় ছেলেকে ন্যায়ের পথে থাকার কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে থাকতে বলেছি। আমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মাদক কারবারি ও চোরাকারবারিদের গুলিতে মারা গেছে। আমি ছেলের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের মা নাজমা বেগম বলেন, মাদক কারবারি ও চোরাকারবারিরা আমার ছেলেছে পরিকল্পিতভাবে খুন করেছে। আমার ছেলে সব সময় মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। আমি খুনিদের ফাঁসি চাই।

নিহত সাংবাদিক মহিউদ্দিনের দীর্ঘদিনের বন্ধু স্থানীয় সাংবাদিক মাহফুজ বাবু বলেন, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। সব সময় মাদক ও মাদক কারবারিদের বিরুদ্ধে প্রতিবেদন করেছেন। এসব কারণে মাদক কারবারিরা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। ক্ষিপ্ততা থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status