শিশুটিকে নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন অপহরণকারীরা। চলন্ত বাসে শিশুর কান্না শুনে যাত্রীদের সন্দেহ হয়। তারা শিশুর চাচাকে চ্যালেঞ্জ করেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীতে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে তিনজন।
অপহৃত শিশুকে উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার তাকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- শিশুটির চাচা ডেইঙ্গাকাটা গ্রামের আলী হোসেনের ছেলে আল আমিন (২৬)। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খুদুর বিল গ্রামের মো. ফারুকের ছেলে মোহাম্মদ আরিফ (২৪) ও নোয়াখালীর হাতিয়া উপজেলার সাগুরাবাজারের মোজাম্মেলের ছেলে মো. নুরুন্নবী (২৫)। তাঁরা তিনজনই চট্টগ্রাম মহানগরীতে রিকশা চালান।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘আল আমিন ছোট ভাইয়ের শিশুপুত্রকে অপহরণ করেছিলেন চট্টগ্রামের এক ব্যক্তির কাছে দেড় লাখ টাকায় বিক্রি করতে। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ’
শিশুটির মা জোসনা আক্তার জানান, তাঁর স্বামী চট্টগ্রাম শহরে রিকশা চালান। বাড়িতে তিনি শাশুড়ির সঙ্গে চার মাসের সন্তান নুরুল কাদেরকে নিয়ে থাকেন। গত বুধবার ভোররাত ৩টার দিকে কৌশলে বাড়ির দরজা খুলে তাঁর কক্ষে ঢুকে পড়েন শিশুটির চাচা আল আমিন। শিশুটিকে নিয়ে সটকে পড়েন। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য মা ভোররাত ৪টার দিকে ওঠেন। বিছানায় দেখেন, তাঁর সন্তান নেই।