ইনজুরিতে ভারতের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন ৩১ বছর বয়সী মিডলঅর্ডার ব্যাটার সুর্যকুমার যাদব। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন সুর্যকুমার যাদব। কিন্তু মঙ্গলবার লখনউতে দলের প্র্যাকটিস সেশনে হাতের অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাকে। এক্সরে পরীক্ষায় তার হাতের হাড়ে সূক্ষ্ম চিড় ধরা পড়ে। ফলে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজে খেলা হচ্ছে না তার। হ্যামস্ট্রিং ইনজুরিতে দল থেকে আরও বাদ পড়েছেন ডানহাতি পেসার দীপক চাহার।
শ্রীলংকার বিরুদ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে লখনউতে। ২৪ ফেব্রুয়ারি সেখানেই অনুষ্ঠিত হবে ভারত-শ্রীলংকা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচের আগের প্র্যাকটিস সেশনে সূর্যকুমার যাদব অস্বস্তিতে ভুগছিলেন। পরে এক্সরেতে তার হাতের হাড়ে সুক্ষ্ম চিড় ধরা পড়ে। তবে কখন, কীভাবে তিনি এই চোট পেলেন, তা জানা যায়নি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন গার্ডেনে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই ফিল্ডিংয়ের সময় তার এই ইনজুরি মাথাচাড়া দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সেরা খেলোয়াড় সূর্যকুমার যাদব শ্রীলংকা সিরিজের দল থেকে ছিটকে যাওয়া দ্বিতীয় খেলোয়াড়। তার আগে দল থেকে ছিটকে গেছে ডানহাতি পেসার দীপক চাহার। চাহার ভুগছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। লখনউ ও ধর্মশালায় তাদের দুজনকেই দলে পাবে না ভারতীয়রা। চাহার ইনজুরিতে পড়েন ওয়েস্ট ইন্ডিজের ওপেনারদের মাঠছাড়া করতে গিয়ে। রানআউট করতে গিয়ে ইনজুরিতে পড়া চাহার নিজের দ্বিতীয় ওভার শেষ না করেই হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠ ছাড়েন। দলের সাথে লখনউতেও যাননি চাহার
সূর্যকুমার ও চাহারের ইনজুরি সত্ত্বেও বিসিসিআই দলে কোনো রিপ্লেসমেন্ট নিচ্ছে না। এই সিরিজ দিয়ে খেলায় ফিরছেন জাসপ্রীত বুমরাহ। ২৮ বছর বয়সী পেসার রোহিতের ডেপুটির দায়িত্ব পালন করবে এই সিরিজে। দলের বোলিং অ্যাটাকের দায়িত্ব নিতে স্কোয়াডে আছেন ভুবনেশ্বর কুমার, আভেশ খান, মোহাম্মেদ সিরাজ ও হারশাল প্যাটেল।
সবচেয়ে বড় কথা এই মুহূর্তে তাদের রিপ্লেসমেন্ট নেওয়া সম্ভবপর নয় জৈবসুরক্ষা প্রোটকলের জন্য। যে কারণে সাদা বলে ভারতের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা কমে এখন ১৬ জনের। ২৪ ফেব্রুয়ারি লখনউতে প্রথম টি-টোয়েন্টি শেষে বাকি দুই ম্যাচ হবে ধর্মশালায় ২৬ ও ২৭ ফেব্রুয়ারি।