আফগানিস্তানের প্রধান নির্বাচক ২৯ বছর বয়সী মালিকজাই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 February, 2022, 1:37 PM
আফগানিস্তানের প্রধান নির্বাচক ২৯ বছর বয়সী মালিকজাই
নুর-উল-হক মালিকজাইকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার এক বিবৃতিতে ২৯ বছর বয়সী সাবেক মিডল অর্ডার ব্যাটারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে এসিবি।
মালিকজাই গত তিন মাস ধরে আফগানিস্তান সিনিয়র ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার তাকে পূর্ণাঙ্গ মেয়াদেই দায়িত্ব দিল আফগান বোর্ড।
পূর্ণাঙ্গ মেয়াদে দায়িত্ব পাওয়ার পর মালিকজাই বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত ২০২২ সাল রয়েছে। দল হিসেবে আমরা শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলোও বাস্তবায়ন করব। আমাদের দেশে অনেক প্রতিভা রয়েছে। তাদের যথাযথ সুযোগ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘গত তিন মাসে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের সময় সবাইকে মুগ্ধ করেছেন মালিকজাই। তাই তিনি নির্বাচক প্যানেলকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে বলে আমার বিশ্বাস। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল নির্বাচনে তার ভূমিকা ছিল। সম্প্রতি নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের স্কোয়াড নির্বাচন করা হয়েছে তার নেতৃত্বেই। আমি তাকে অভিনন্দন জানাই এবং তার সফলতা কামনা করি। ’