কানাডায় উন্নত জীবনের স্বপ্ন দেখেছিলেন তারা। নিজেদের সহায়-সম্বল দিয়ে স্ত্রীদের আগে পাঠিয়েছিলেন পিআর-এর পথ সুগম করতে। তবে দেশটিতে পৌঁছে অল্প দিনেই স্বামীদের ভুলে গেছেন স্ত্রীরা। অনেকে বেছে নিয়েছেন বিদেশি সঙ্গী। সেই হতাশা এখন তাড়িয়ে বেড়াচ্ছে পরিত্যক্ত স্বামীদের।
ঝুজর সিংয়ের বিয়েটা আচমকাই হয়েছিল। তিন বছর আগে উত্তর ভারতের পাঞ্জাবের বাসিন্দা ঝুজর যখন ২৪ বছরের টগবগে যুবক, বিয়ে করেন ১৮ বছরের এক তরুণীকে।
পারিবারিকভাবে আয়োজিত হওয়ায় বিয়ের আগে মাত্র কয়েকবারের জন্য হবু স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল ঝুজরের। ধীরে ধীরে মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়েন তিনি।
সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন ঝুজরকে তার স্ত্রী জানায় নিজের স্বপ্নের কথা। বলেন, কানাডায় থিতু হতে চান তিনি।
কানাডায় বাস করা অভিবাসীর বড় একটা অংশ পাঞ্জাবের। সেখানে তাদের অবস্থান বেশ শক্ত। কানাডায় ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে পাঞ্জাবি তৃতীয় সর্বাধিক কথ্য ভাষা তারই প্রমাণ। এ ছাড়া কানাডার পার্লামেন্ট সদস্যদের অনেকেই পাঞ্জাবের। সংখ্যাটা ভারতের পার্লামেন্টে পাঞ্জাবের সদস্যদের চেয়ে বেশি।
ঝুজর জানতেন পড়াশোনায় ঢের ভালো তার স্ত্রী। তাই ঝুঁকিটা নেন। শুরু হয় তার স্ত্রীর কানাডা যাওয়ার প্রস্তুতি।
আনন্দের সঙ্গেই ঝুজর এতে টাকা ঢেলেছিলেন। তার বিশ্বাস ছিল, স্ত্রী একবার কানাডায় স্থায়ী হতে পারলে, তার যাওয়ার পথটা মসৃণ হবে।
ভাইসকে ঝুজর জানান, স্ত্রীর বিদেশ যাত্রার জন্য ভিসা ফি, টিকিট, কাপড়, বাসস্থান ও আইইএলটিএস ফি বাবদ ২৪ হাজার ডলার খরচ হয়েছিল।
তিনি বলেন, ‘প্রথম দুই মাস আমরা নিয়মিত যোগাযোগে ছিলাম। প্রায় প্রতিদিনই ভিডিও কলে কথা বলতাম। এরপর থেকে সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আমার নম্বর ব্লক করে, কানাডার ঠিকানাও বদলে ফেলে।’
ঝুজর একা নন, যিনি এমন পরিস্থিতির মুখে পড়েছেন। তিনিসহ আরও ৮০ জনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে। হোয়াটসঅ্যাপে তারা একটি গ্রুপ খুলে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। উপযুক্ত নামও দেয়া হয়েছে গ্রুপের, ‘থুগিয়া দে পিডিট’। যার অর্থ জালিয়াতির শিকার।
পাঞ্জাবের বাথিন্দা শহরের রবিন্দর ভালো এই গ্রুপের অন্যতম সদস্য। ভাইসকে তিনি বলেন, কানাডায় যাওয়ার চার মাসের মধ্যে সে আমাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়। তারপর থেকে তার খোঁজ পাইনি। গোটা পাঞ্জাবজুড়েই এই অবস্থা।’
এই গ্রুপের সবার গল্প অনেকটা একই রকম। স্বামী ও তার পরিবার স্ত্রীকে কানাডায় পড়াশোনার অর্থায়ন করেন। সবার আশা থাকে, স্ত্রী কানাডার নাগরিকত্ব পেলে স্বামীকে সেখানে নিয়ে যাবেন। কিন্তু বাস্তবতা হলো, কয়েক মাসের মাথায় সম্পর্ক আর টেকে না। স্ত্রী কানাডায় গিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। অনেকে সঙ্গী খুঁজে নিয়ে নতুন জীবন শুরু করেন।
স্বামী পরিত্যক্তা নারীদের নিয়ে কাজ করা দাতব্য প্রতিষ্ঠান এবিবিএনএইচআই-এর প্রতিষ্ঠাতা সতবিন্দর কৌর বলেন, ‘গ্রামে পাঞ্জাবি নারীদের স্বাধীনতা বলতে কিছুই নেই। কোনো মেয়ের অভিভাবক এই দাবি করতে পারবেন না। এই মেয়েগুলো যখন কানাডার মতো একটি দেশে যান, সেখানে তারা ব্যক্তিস্বাধীনতা নামক বিষয়টির সঙ্গে পরিচিত হন। সেটা উপভোগ করার চেষ্টা করেন। আর এ কারণেই তারা আগের জীবনে ফিরতে চান না।’
এসব ঘটনা হয়তো স্বামী ছেড়ে দেয়া নারীদের স্বার্থপর হিসেবে প্রমাণ করে। কিন্তু সমাজবিজ্ঞানের অধ্যাপক রবিন্দর কৌর নারীদের এমন আচরণের ব্যাখ্যা দিয়েছেন।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এই অধ্যাপক বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য তারা স্বামী থেকে দূরে থাকেন। নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া, সেখানের নতুন জীবনধারায় এক ধরনের দোটানায় পড়েন তারা। তখন সে অনুযায়ী পদক্ষেপ নেন।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি পার্লামেন্টে জানিয়েছে, ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের মে পর্যন্ত স্বামী পরিত্যক্তা নারীদের কাছ থেকে চার হাজার ৬৯৮টি অভিযোগ পাওয়া গেছে। তবে স্ত্রী পরিত্যক্ত পুরুষের সংখ্যার আনুষ্ঠানিক কোনো তথ্য নেই৷ ভাইস এমন স্বামী পরিত্যক্ত কয়েকজন নারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল। তবে কেউই সাড়া দেননি।
কীভাবে এই প্রবণতার শুরু এই প্রশ্নের জবাবে অধ্যাপক রবিন্দর বলেন, ‘আসলে পাঞ্জাবের বেশির ভাগ পুরুষ আত্মতুষ্টিতে ভোগেন। তাদের অনেকের কৃষি জমি থাকে। কাজ করার চেয়ে ঘুরে বেড়াতেই স্বাছন্দ্যবোধ করেন তারা। এ ছাড়া মাদক ও অ্যালকোহলের আসক্তি তো আছেই।’
রবিন্দর আরও বলেন, ‘পাঞ্জাবি নারী-পুরুষের চিন্তাভাবনা ও সামাজিক সক্ষমতার প্রায়শ অমিল থাকে। তাই যখন নারী কানাডায় পাড়ি জমান, তাদের বদলে যাওয়ার প্রবণতা প্রবল হয়ে ওঠে।’
কিন্তু এসব মানতে নারাজ ঝুজর। তার মতে, কানাডায় একবার ঢুকতে পারলে নারীরা পরিবারের অবাধ্য হয়ে যান। তিনি বলেন, ‘বয়স এখানে বড় বিষয়। বেশির ভাগের বিয়ে হয় ১৬ থেকে ২২ বছরের মধ্যে। নতুন পরিবেশে তারা বদলে যান।
‘আমার স্ত্রীর এখন ছেলেবন্ধু আছে। ওর রুমমেট আমাকে জানিয়েছে। বলেছে, বাসা ভাড়া না দিয়েই একদিন সে চলে যায়।’
লাভপ্রীত সিং নামে ২৪ বছরের এক যুবকের উদাহরণ তুলে ধরেন ঝুজর। বলেন, গত বছরের জুনে পাঞ্জাবের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার হয়। ওর স্ত্রী বেন্ট কৌর কানাডায় গিয়ে তাকে ছেড়ে দেয়ায় তিনি আত্মহত্যা করেছিলেন।
কিন্তু ভারতের আইনে পরিত্যক্ত স্বামীদের জন্য আইনি প্রতিকার সীমিত। ভারতে এমন কোনো আইন নেই, যা পরিত্যক্ত স্বামীদের স্বীকৃতি দেয়।
পাঞ্জাব সরকারের জন্য এনআরআই কর্মকর্তা নীরজা ভি বলেন, ‘যদি কেউ পরিত্যক্ত হন, তাহলে তারা আইনি আশ্রয় নিতে পারেন। তাদের স্ত্রীদের বিরুদ্ধে ৪২০ ধারায় (প্রতারণা) মামলা করতে পারেন অথবা ৪৯৮ ধারার ক অনুচ্ছেদ অনুযায়ী মানসিক নির্যাতনের অভিযোগ আনা যেতে পারে। যদিও এসব ক্ষেত্রে ক্ষতিপূরণের অধিকার কেবল নারীদের জন্য সংরক্ষিত।’
কিন্তু ঝুজর ও তার হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা এসব বিশ্বাস করেন না। কানাডিয়ান দূতাবাসে আসা-যাওয়া করতে করতে ক্লান্ত ঝুজরের পরিবার একসময় তার সাবেক স্ত্রীর সঙ্গে সমঝোতায় আসে। ঝুজরের পরিবারের খরচ হওয়া টাকা ফেরত দেবেন তার সাবেক স্ত্রী।
ঝুজর বলেন, ‘পাওনার অর্ধেকের বেশি এখনও পরিশোধ করেনি। আমি এখন আমার ভাগ্য মেনে নিয়েছি। কত যুদ্ধ করতে পারি? সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছি।’