চট্টগ্রামে খালা-ভাগ্নিকে একসঙ্গে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাতে পুলিশ অভিযুক্ত ধর্ষণকারীরদের গ্রেপ্তার করলে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মেজবাহ উদ্দিন (২০) ও মো. আলমগীর (১৯)।
মামলার এজাহারমতে, স্কুলপড়ুয়া খালা ও মাদরাসাপড়ুয়া ভাগ্নি মিলে বাড়ির নিকটবর্তী দোকানে পান-সুপারি আনতে যায়। এ সময় এওচিয়ার ৫ নম্বর ওয়ার্ডের টুডির পাড়ার মো. ইউনুচের ছেলে মেজবাহ উদ্দিন ও কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বখশীরখীল এলাকার মো. আলমগীর মিলে তাদের জোরপূর্বক সিএনজিতে তুলে এওচিয়ার আলীনগর তলি পাহাড়ে আরিফের মুরগির ফার্ম এলাকায় নিয়ে যায়। পরে তারা জোরপূর্বক খালা-ভাগ্নিকে সারা রাত ধর্ষণ করে সকালে পালিয়ে যায়।
এদিকে ধর্ষিতাদের পরিবারের সদস্যরা খালা-ভাগ্নিকে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। পরদিন বেলা ১১টার দিকে তাদের দেখা যায় কাঁদতে কাঁদতে ঘটনাস্থল থেকে আসছে। পরে তাদের মুখে সব কিছু শোনার পর সাতকানিয়া থানায় মামলা করা হয়। এরপর পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে আসামি মেজবাহ ও আলমগীরকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল জানান, ধর্ষিতা খালা-ভাগ্নিকে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিং সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ সকালে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।