ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩
হাতুড়ি হারিয়ে পেলেন গুপ্তধন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 7 February, 2022, 8:22 PM

হাতুড়ি হারিয়ে পেলেন গুপ্তধন

হাতুড়ি হারিয়ে পেলেন গুপ্তধন

খুঁজছিলেন নিজের হারিয়ে যাওয়া একটি হাতুড়ি। তবে ভাগ্যের চমকে পেয়ে যান ১৬০০ বছর আগেকার গুপ্তধন।

ঘটনাটি ঘটে ১৯৯২ সালের ১৬ নভেম্বর ইংল্যান্ডের সাফোক কাউন্টির ওক্সন গ্রামে। লোকটির নাম এরিক লয়েস। কর্মজীবনে তিনি ছিলেন একজন মালি। বছর পাঁচেক আগে অবসর নেওয়া ৭০ বছরের বৃদ্ধটি বুঝতেই পারেননি তিনি পেয়েছেন চতুর্থ ও পঞ্চম শতকের রোমান সাম্রাজ্যের সবচেয়ে বড় সম্পদ।


অবসরের পর গুপ্তধন খুঁজে বেড়ানোই নেশা হয়ে দাঁড়িয়েছিল লয়েসের। তাই স্ত্রী গেটা সাড়ে ৪০০ ডলারের একটি মেটাল ডিটেক্টর উপহার দিয়েছিলেন তাকে। সেই মেটাল ডিটেক্টরটি দিয়েই এরিক লয়েস খুঁজে পেয়েছিলেন রোমান সাম্রাজ্যের সম্পদ। যার তৎকালীন মূল্য ছিল ১৭ লাখ ৫০ হাজার পাউন্ড। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদদের মতে ২০২০ সাল পর্যন্ত এর আর্থিক মূল্য ৩৬ লাখ ৪০ হাজার পাউন্ড।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’কে লয়েস জানান, একটি হাতুড়িসহ কয়েকটি যন্ত্রপাতি খুঁজে পাচ্ছিলেন না। সেসব খুঁজতেই মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির কাছে একটি মাঠে গিয়েছিলেন।

তিনি বলেন, মাঠে গিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে খোঁজাখুঁজি করেছিলাম। মাঠের এক জায়গায় মেটাল ডিটেক্টরে ‘বিপ’ করে শব্দ হতেই মাটি খুঁড়তে শুরু করি। দেখি, কিছুটা নিচে একটা রুপার রোমান মুদ্রা। এক ফুটের মধ্যেই আরও একবার ‘বিপ’ করে শব্দ। এবার বেশ বিকট আওয়াজ। সেখানে খোঁড়াখুঁড়ি করে কয়েক’শ সোনা-রুপার মুদ্রা ও চামচ বের করি।

গুপ্তধন পেতেই পুলিশ তা জানান লয়েস। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সাফোক কাউন্টি কাউন্সিলের প্রত্নতত্ত্ববিদ জুডিথ প্লভিয়েজ। তা উদ্ধারের পর পরিষ্কার করে যাচাই করার জন্য ব্রিটিশ মিউজিয়ামে পাঠানো হয়েছিল।

সংবাদমাধ্যমে জুডিথ বলেছিলেন, সম্পদের আর্থিক মূল্য যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এর বাজারদর হয়তো দেড় কোটি পাউন্ড। যদিও ঐতিহাসিকভাবে এটি অমূল্য সম্পদ! প্রায় ১৬০০ বছর আগে রোমান শাসনাধীন ব্রিটেনের কোনো ধনী পরিবার হয়তো একটি বাক্সের ভিতরে ওই ধনসম্পত্তি লুকিয়ে রেখেছিলেন বলে ধারণা করেন জুডিথ প্লভিয়েজ।

গুপ্তধন সম্পর্কে ব্রিটিশ মিউজিয়াম জানায়, একটি ছোট বাক্সে রোমান সাম্রাজ্যের ১৪ হাজার ৮৬৫টি সোনা-রুপা-ব্রোঞ্জের মুদ্রা রাখা ছিল। এছাড়া সোনা-রুপার কাটাচামচ, পাত্রসহ প্রায় ২০০টি জিনিসও উদ্ধার হয়েছে। সঙ্গে রয়েছে পুরোপুরি রুপার একটি প্যান্থারের মূর্তি। সোনার চেন, বহুমূল্য পাথর বসানো কয়েকশো গয়না। এক পাউন্ডেরও বেশি ওজনের চুনি বসানো একটি সোনার হার।

বিপুল ধনসম্পত্তির খোঁজ পাওয়ার পর ব্রিটিশ সরকারের নিয়ম অনুযায়ী অর্থ পেয়েছিলেন এরিক লয়েস। তৎকালীন প্রায় ১৫ লাখ ডলার পান তিনি।

প্রসঙ্গত, খ্রিস্টপূর্ব ৪৩ থেকে পরের প্রায় ৪০০ বছর পর্যন্ত রোমানদের দখলে ছিল ব্রিটেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status