উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর ইহজগতের মায়া কাটিয়ে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তবে ৩৩ বছর বয়সে কিংবদন্তি এই সংগীতশিল্পীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা হয়। কিন্তু কেন তাকে হত্যা করা হয়েছিল, কে বা কারা এর সঙ্গে জড়িত ছিল– সেই রহস্যের সমাধান আজও হয়নি।
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬২ সালে মাত্র ৩৩ বছর বয়সে কিংবদন্তি এই সংগীতশিল্পীর খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা চেষ্টা করা হয়।
পদ্মা সচদেব নামে এক লেখকের লেখা ‘লতা মঙ্গেশকর: অ্যায়সা কাঁহা সে লাউঁ’ বইতে উঠে আসে এই লোমহর্ষক ঘটনা। পরে প্রবাসী সাংবাদিক নাসির মুন্নি কবির এই শিল্পীর একটি সাক্ষাৎকার নিয়েছিলেন। সেখানে বলা হয়েছিল, ১৯৬২ সালে খাবারে বিষ মিশিয়ে লতা মঙ্গেশকরকে হত্যাচেষ্টা করা হয়।
পরে এই খবরের সত্যতায় সিলমোহর দিয়েছিলেন লতা মঙ্গেশকরের বোন ঊষা মঙ্গেশকর।
জানা যায়, ওই সময় কিংবদন্তি এই শিল্পী খ্যাতির শীর্ষে ছিলেন। তাকে খাবারের সঙ্গে স্লো পয়জনিং করা হয়। লতার প্রচন্ড শরীর খারাপ হওয়ার পর বিষয়টি সামনে আসে।
উষা জানিয়েছিলেন, হঠাৎই এক ভোরে তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এর পরেই সবুজ বমি করতে থাকেন তিনি। আস্তে আস্তে সারা শরীর অসাড় হয়ে পরে। এমনকি হাত-পা নাড়ানোর ক্ষমতাটুকুও তার ছিল না। চিকিৎসককে খবর দিতেই তিনি বাড়িতে এক্স-রে’র ব্যবস্থা করেন। এর পর তাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেন।
পরে এক্স-রে রিপোর্টে লতা মঙ্গেশকরের পাকস্থলীতে বিষের উপস্থিত পাওয়া যায়। তখন টানা তিন দিন মৃত্যুর সঙ্গে লড়েছিলেন কিংবদন্তি এই গায়িকা। ১০ দিন পরে অবস্থার উন্নতি হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন তিনি কিন্তু ভীষণ দুর্বল হয়ে পড়েনি তিনি।
তখনই চিকিৎসক জানান, তাকে কেউ বিষপ্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। বিষক্রিয়ার প্রভাবে অনেক দিন পর্যন্ত লতা গরম খাবার খেতে পারতেন না। বরফের টুকরো মেশানো তরল খাবার খেতেন তিনি।
তবে কে লতাকে বিষপ্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছিলেন, তা জানা যায়নি। তবে লেখক পদ্মা তার বইয়ে জানিয়েছেন, ওই ঘটনার পরই লতার রাঁধুনী নাকি পারিশ্রমিক না নিয়ে হঠাৎ কাজ ছেড়ে চলে যান। ওই রাঁধুনী আগে বলিউডের বেশ কিছু তারকার বাড়িতে কাজ করেছিলেন বলে গুজব আছে।
তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি। আরও ভেদ হয়নি সেই রহস্যের।