হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় গান গেয়ে সারা বিশ্বে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ভারতের নাইটিঙ্গেল খ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। এর মধ্যে ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ‘রক্তাক্ত বাংলা’ সিনেমার একটি গানে সুর দেন এই কিংবদন্তী গায়িকা।
মমতাজ আলী পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের তারকারা। এতে ফর্মুলা ছবির মতো খুন-ধর্ষণের বাড়াবাড়ি রকমের প্রাধান্য দেখা যায়। ফলে ব্যাপক আয়োজন সত্ত্বেও সিনেমাটি নানা কারণে সমালোচিত হয়। তবে এ ছবির সবচেয়ে বড় অর্জন ধরা হয় লতা মঙ্গেশকরের গাওয়া ‘দাদা ভাই মূর্তি বানাও’ শিরোনামের গানটি।
‘রক্তাক্ত বাংলা’র মূল নায়িকা কবরী হলেও গানটির লিপে ছিলেন সুলতানা। তিনি পশ্চিমবঙ্গের অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করেন।
এ ছবিতে আরও অভিনয় করেন- গোলাম মুস্তাফা, সরকার কবিরউদ্দীন, খলিল ও মঞ্জু দত্ত। সংগীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন আলাউদ্দীন আলী ও তার অর্কেস্ট্রা দল। লতা মঙ্গেশকর ছাড়াও এ ছবিতে প্লেব্যাক করেন মান্না দে ও সবিতা চৌধুরী।