ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬ ● ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৪৫তম জন্মদিনে যেভাবে স্ত্রীর পাশে দাঁড়ান অভিষেক
বিনোদন ডেস্ক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:45 AM

৪৫তম জন্মদিনে যেভাবে স্ত্রীর পাশে দাঁড়ান অভিষেক

৪৫তম জন্মদিনে যেভাবে স্ত্রীর পাশে দাঁড়ান অভিষেক

বচ্চন পরিবারের জন্য আজ আনন্দের দিন। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের ৪৫তম জন্মদিন। গত দুই দশকে বলিউডকে বেশ কিছু চমৎকার সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও সেসব সিনেমার মধ্যে খুব কমই সুপারহিট তকমা পেয়েছে। চলচ্চিত্রতারকা হিসেবেও ততটা খ্যাতি অর্জন করতে পারেননি অভিষেক। কিন্তু বলিউডে তাঁর রয়েছে অন্যরকম এক গ্রহণযোগ্যতা। অভিনেতা হওয়ার আগে তারকার সন্তান হিসেবে তিনি পেয়েছেন অন্য রকম খাতির। আর সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়াকে বিয়ে করার পর তিনি চমকে দিয়েছিলেন সবাইকে।

অভিষেক একজন ব্যতিক্রম বর। ঐশ্বরিয়া রাই বচ্চনের জন্য একরকম শক্তির স্তম্ভ। স্ত্রীর প্রতি এক যত্নবান স্বামী বলিউড হয়তো আগে দেখেনি, যেমনটি দেখেছে অভিষেকের ক্ষেত্রে। সেই নজির দেখানো যায় অন্তত পাঁচটি ঘটনাকে সামনে টেনে আনলে।  

‘ভোগ’ ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন খোলাখুলিই বলেছিলেন, তাঁদের জীবনে আরাধ্যর আগমনের পর ঐশ্বরিয়ার ক্যারিয়ার পিছিয়ে পড়ে। সেসব দিনে, ঐশ্বরিয়াকে নিয়ে গণমাধ্যম যেভাবে খবর প্রকাশ করছিল, তাতে ক্ষুব্ধ হয়েছিলেন অভিষেক। সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘মা হওয়ার সময় সে ক্যারিয়ারে পিছিয়ে পড়ে। আজ সে আরাধ্যর জন্য সবকিছু করে। সে একজন সুপারমম। ঐশ্বরিয়াকে নিয়ে মিডিয়া তখন এমন সব কথা লিখেছিল, যা আমার ভালো লাগেনি। ঐশ্বরিয়া অবশ্য সেসব গায়ে লাগায়নি। আমাকে বিরক্ত হতে দেখে বরং সে বলেছিল, “হাঁসের পিঠের জলের মতো হয়ে যাও”।’

বারবার মনে করিয়ে দেওয়া হতো, স্বামীর চেয়ে স্ত্রী ঐশ্বরিয়া বড় তারকা। এসব নিয়ে অভিষেক কখনোই বিরক্ত হননি। ভীতও ছিলেন না। বরং তিনি বিষয়টি উদ্‌যাপন করেছেন। ঐশ্বরিয়ার প্রশংসা করার কোনো সুযোগ তিনি কখনোই ছাড়েননি। ‘এলি’ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ঐশ্বরিয়ার সঙ্গে আমার তুলনা কোথায়? তিনি আমার মতো জনপ্রিয় নন, তিনি আরও বেশি জনপ্রিয়। তিনি আমার চেয়ে বড় তারকা। আমি এ নিয়ে খুব গর্বিত।’

আরাধ্যর জন্মের পর ঐশ্বরিয়ার ওজন বেড়ে যায়। নায়িকার ওজন বেড়ে যাওয়া নিয়ে রীতিমতো ফেটে পড়ে জনতা ও ভারতীয় গণমাধ্যম! যেন নায়িকার ওজন বাড়তেই পারে না। সে সময় স্ত্রীর পক্ষে ঝাঁপিয়ে পড়েছিলেন অভিষেক। ‘ডিএনএ ইন্ডিয়া’কে এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, ‘হ্যাঁ, তিনি একজন পাবলিক ফিগার, কিন্তু মানুষ ভুলে যায় যে তিনিও একজন নারী, এখন একজন মা এবং এমন এক পরিস্থিতিতে আছেন, যেটা এড়ানো সম্ভব নয়। কোনো নারীর ওজন নিয়ে এ রকম আলোচনা শোভনীয় নয়।

‘ভোগ’ ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, ‘একজন পুরুষ হিসেবে স্ত্রীকে এগিয়ে রাখা এবং তাঁকে নিয়ে আলোচনা হতে দেখার চেয়ে আনন্দ আর কী হতে পারে? সে পদ্মশ্রী পাক বা কানে যাক, এসব ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো যেটা করতে পারি, তাঁকে সমর্থন দিতে পারি। অনেকে হয়তো বলবেন, এগুলো পুরুষোচিত নয়, আমি বলব ভুল। এসব যাঁরা বলেন, তাঁরা অতীতে পড়ে আছেন।’

অভিষেক স্ত্রীকে অনেক ভালোবাসেন, অনেক যত্নে রাখেন, জীবনে তাঁকে পেয়ে খুব খুশি—সেটা প্রমাণের চেষ্টা করেন না তিনি। এমনকি অন্য কেউ এ–সংক্রান্ত কোনো ভুয়া জিনিসও যদি প্রমাণ হিসেবে সামনে আনতে চায়, তিনি প্রতিবাদ করেন। যেমন একবার এক ভক্ত অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের একটি ছবি টুইট করেছিলেন। সেটা দেখে মনে হয়েছিল, ছবিটা তাঁদের বিয়ের দিনের। অভিষেক ও অ্যাশ দুজনকেই সেখানে বর–কনে রূপে দেখা যায়। প্রাণ খুলে হাসছিলেন দুজন। অভিষেক বচ্চন সেই ছবি শেয়ার করে লিখেছিলেন, এটি একটি ফটোশপ করা ছবি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status