মুহিবুল্লাহ’র জীবননাশের হুমকির আগাম তথ্য সরকারের কাছে ছিল না
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 6 February, 2022, 7:21 AM
মুহিবুল্লাহ’র জীবননাশের হুমকির আগাম তথ্য সরকারের কাছে ছিল না
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর জীবন হুমকিতে ছিল কিংবা ব্যক্তি বা গোষ্ঠী তার পিছু নিয়েছে সরকারের কাছে এমন আগাম কোনো তথ্য ছিল না বলে জাতিসংঘকে জানিয়েছে বাংলাদেশ। মুহিবুল্লাহ’র হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘকে লেখা ফিরতি চিঠিতে এমনটা জানানো হয়েছে। সম্প্রতি জেনেভাস্থ বাংলাদেশ মিশনের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরে ওই জবাব-চিঠি পৌঁছেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৯শে সেপ্টেম্বর রাতে কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্পে ঘাতকের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ এবং পরবর্তীতে আরও অন্তত ছয় রোহিঙ্গা ঘাতকদের হামলায় মারা যাওয়ার প্রেক্ষিতে বাংলাদেশে সরকারের কাছে আগাম কোনো তথ্য ছিল না তা জানতে চায় জাতিসংঘের পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল। এ নিয়ে গত ১৮ই নভেম্বর ঢাকাকে চিঠি পাঠান তারা। জানুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠির জবাব দিয়েছে। যা সম্প্রতি জেনেভায় হস্তান্তর করা হয়েছে। ওই সব হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য ছিল না দাবি করে বাংলাদেশের ফিরতি চিঠিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সমপ্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়।
একই সঙ্গে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সম্ভাব্য সব রকম প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু মিয়ানমারের সাড়া না দেয়ার কারণে এটি শুরু করা যাচ্ছে না। রোহিঙ্গাদের ফেরা আরও দেরি হলে ক্যাম্প এলাকার নিরাপত্তা উদ্বেগ আরও বাড়বে বলে স্পষ্ট জানায় বাংলাদেশ। জাতিসংঘের ওই বিশেষজ্ঞরা হলেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার মরিস টিডবল-বিঞ্জ, মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষা ও উৎসাহিতকরণ বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার আইরিন খান, মানবাধিকার কর্মীদের পরিস্থিতি বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার ম্যারি লেলর, অভিবাসীদের মানবাধিকার বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার ফেলিপ গনজালেস মোরালেস ও সংখ্যালঘু বিষয়ক স্পেশাল র্যাপোর্টিয়ার ফার্নান্দ দে ভ্যারেনেস। চিঠিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা মুহিবুল্লাহ ও অন্য রোহিঙ্গাদের নিহত হওয়ার তথ্য তুলে ধরে সেগুলোর তদন্ত, ক্যাম্পের সুরক্ষা, রোহিঙ্গাদের মতপ্রকাশ ও চলাফেরার অধিকার বিষয়ে জানতে চান। মুহিবুল্লাহর ওপর কোনো হুমকি ছিল কিনা তা-ও জানতে চান তারা। চিঠিতে বাংলাদেশ বলেছে, মুহিবুল্লাহর ওপর কোনো ধরনের হুমকি থাকার তথ্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে ছিল না। হত্যাকাণ্ডের পরপরই একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশের আইন অনুযায়ী আইনপ্রয়োগকারী সংস্থাগুলো দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষভাবে ওই ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন ১২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চারজন ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তি দিয়েছে। মুহিবুল্লাহর পরিবারের সব সদস্যের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। মুহিবুল্লাহ দেশে-বিদেশে রোহিঙ্গা অধিকারকর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি ২০১৯ সালে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই বছর তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদেও রোহিঙ্গাদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডের পর জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়া উদ্বেগ জানিয়েছে। সবাই হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত এবং অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ অব্যাহত রেখেছে।