পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফ মৃধার পক্ষে প্রচারণায় নেমেছেন তার সরকারি কর্মকর্তা দুই ভাই। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভোটারদের মাঝে কালো টাকা বিতরণের অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সোমবার শেষ ধাপে পটুয়াখালীর বাউফল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মদনপুরা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আশরাফ মৃধার দুই ভাই আবিদ হাসান ও মোজাহিদুল ইসলাম সোহাগ গত ২ দিন ধরে এলাকায় এসে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন।
আবিদ হাসান বরিশালের হিজলা উপজেলার ও মোজাহিদুল ইসলাম সোহাগ মেহেন্দীগঞ্জ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
শনিবার মদনপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোটরসাইকেলের বহর নিয়ে ভাইয়ের পক্ষে তারা ভোট প্রার্থনা করেন।
বিষয়টি নিয়ে অপর স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়মানুযায়ী কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী ভোটের প্রচারণায় অংশ নিতে পারেন না। আমরা জেনেছি প্রকল্প কর্মকর্তা দুই ভাই প্রচুর কালো টাকা নিয়ে এসে ভোটারদের মাঝে বিতরণ করছেন। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হবে বলেও তারা জানান।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে প্রকল্প কর্মকর্তা আবিদ হাসান ও মোজাহিদুল ইসলাম সোহাগ বলেন, আমরা দুই ভাই ছুটি কাটাতে বাড়ি এসেছি। ভোটের প্রচারণার অভিযোগ সত্য নয়।
স্বতন্ত্র প্রার্থী আশরাফ মৃধা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য প্রতিপক্ষ আমার দুই ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছেন।