প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড: রায় পাঠকালে যা বললেন বিচারক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 31 January, 2022, 5:58 PM
প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ড: রায় পাঠকালে যা বললেন বিচারক
কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায়ে টেকনাফের বাহারছড়া টেকনাফ থানার বরখাস্ত হওয়া কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ (৪৮) ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীর (৩১) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মেজর সিনহার হত্যা মামলার রায় পাঠকালে আদালতের বিচারক তার পর্যবেক্ষণে বলেছেন, এ হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আলোচিত এ মামলার রায় পড়া শুরু করেন। কক্সবাজারের টেকনাফ মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশসহ ১৫ আসামিকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়েছে।
কঠোর নিরাপত্তায় সোমবার দুইটার ২টার দিকে ১৫ আসামিকে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়া হয়। এর আগে সকালে আসামিদের আনার কথা থাকলে তা পিছিয়ে দুপুরে করা হয়।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে গুলিতে নৃশংসভাবে খুন হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় সারাদেশে আলোড়ন সৃষ্টি হয়। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনীও। হত্যাকাণ্ডের ঘটনাকে ধামাচাপা দিতে নানা অপচেষ্টা চালানো হলেও তদন্তে বেরিয়ে আসে জড়িতদের নাম এবং তাদের নৃশংসতার কাহিনি।
মামলাটি তদন্ত করেছেন কক্সবাজার র্যাব-১৫-এর দুই কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. জামিলুল হক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। তদন্ত শেষে ২০২০ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় মোট ৮৩ জনকে সাক্ষী করা হয়। তাদের মধ্যে ৬৫ জন ২০২১ সালের ৭ ডিসেম্বর পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন।