জোর করে বিয়ে, স্বামী আসার খবরে ৯ দিনের মাথায় জীবন দিল কিশোরী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 1:51 PM
জোর করে বিয়ে, স্বামী আসার খবরে ৯ দিনের মাথায় জীবন দিল কিশোরী
নিজের অমতেই বিয়ে হয়েছিল ১৩ বছর বয়সী রজনীর। বরও পছন্দ হয়নি তার। তবু জোর করে বিয়ে দেন বাবা-মা। কিন্তু বিয়ের ৯ দিন না যেতেই নিথর হলেন এ কিশোরী নববধূ। স্বামী পছন্দ না হওয়ায় রজনী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেন তিনি। রজনী খাতুন একই গ্রামের জাহাঙ্গীর মণ্ডলের মেয়ে। তিনি স্থানীয় আরাফাত হোসেন সরণি বিদ্যাপীঠের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্বজনরা জানান, মাত্র ৯ দিন আগে রজনীকে ইচ্ছার বিরুদ্ধে একই উপজেলার যদুপুর গ্রামের সাগর হোসাইনের সঙ্গে বিয়ে দেয় পরিবার। স্বামীকে পছন্দ না হওয়ায় তিনি শ্বশুরবাড়িতে যাবেন না বলে পরিবারকে জানিয়ে দেন। স্বামী এসে শনিবার রাতে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল।
স্বামী আসবেন জানতে পেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষপান করেন রজনী। একপর্যায়ে রজনীকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে মৃত বলে ঘোষণা করা হয়।
দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর বলেন, অল্প বয়সে বিয়ে দিয়েছিল তার পরিবার। স্বামীকে পছন্দ হয়নি বলে বাবাকে জানিয়েছিল মেয়েটি। মূলত এ কারণেই রজনী আত্মহত্যা করেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।