আর্সেনাল থেকে কলাম চেম্বার্সকে দলে নিল অ্যাস্টন ভিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 6:37 PM
আর্সেনাল থেকে কলাম চেম্বার্সকে দলে নিল অ্যাস্টন ভিলা
বৈচিত্র্যধর্মী ডিফেন্ডার কলাম চেম্বার্সকে আর্সেনাল থেকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। এ নিয়ে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পঞ্চম খেলোয়াড় হিসেবে ভিলায় যোগ দিলেন চেম্বার্স।
২৭ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডার ও একইসঙ্গে রাইট-ব্যাকের আগে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন ফিলিপ কুটিনহো, লুকাস ডিগনে, রবিন ওলসেন ও কার স্মিথ। নতুন ম্যানেজার স্টিভেন জেরার্ডের অধীনে অ্যাস্টন ভিলা তাদের স্কোয়াড শক্তিশালী করার লক্ষ্যে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েছে।
সাড়ে তিন বছরের চুক্তিতে চেম্বার্স ভিলায় যোগ দিয়েছেন। তবে তার চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। ২০১৪ সালে সাউদাম্পটন থেকে আর্সেনালে যোগ দেবার পর গানার্সদের হয়ে ১২২টি ম্যাচ খেলেছেন চেম্বার্স। এই সময়ের মধ্য তিনি ধারে মিডলসবোরো ও ফুলহ্যামেও খেলেছেন।
যদিও চলতি মৌসুমে আর্সেনালে বেন হোয়াইট ও টাকেহিরো টোমিইয়াসু যোগ দেবার পর মূল একাদশে খুব কমই সুযোগ পেয়েছেন চেম্বার্স। প্রিমিয়ার লিগে মাত্র দুটিসহ এবার তিনি এ পর্যন্ত খেলেছেন পাঁচটি ম্যাচ।
এ সম্পর্কে চেম্বার্স বলেছেন, নতুন ক্লাবে যোগ দেবার সিদ্ধান্তটি সঠিক ছিল। এখানে যা ঘটেছে তা সবাই বাইরে থেকে দেখেছে। অ্যাস্টন ভিলায় যোগ দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এই ক্লাবের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছি। আমি মনে করি ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।
জেরার্ড যোগ দেবার পর প্রিমিয়ার লিগ টেবিলের ১১তম স্থানে উঠে এসেছে ভিলা। জেরার্ডের অধীনে ভিলা এ পর্যন্ত ১১ ম্যাচের পাঁচটিতে জয়ী হয়েছে।