রাজশাহীর গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন।
রায়ে অপর এক আসামির ১০ বছরের কারাদণ্ড, চার আসামির প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড ও অপর ১৫ আসামির প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় মামলার ৩৩ আসামি হাজির ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন ২২ জন। পরে তদন্ত শেষে আরও ১৩ জনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ। রায়ে ৫ জনের যাবজ্জীবন, একজনকে ১০ বছরের, চারজনকে ৬ মাসের কারাদণ্ড ও ১৫ জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তিনি আরও জানান, এই মামলার ৩২ সাক্ষীর মধ্যে ২২জন সাক্ষ্য দিয়েছেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ইসমাইল দেওপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। সেদিন বিএনপি-জামায়াতের কর্মীরা পালপুর ভোটকেন্দ্র দখলে নিতে গেলে বাধা দিতে যান ইসমাইল। এ সময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বিজলা বেগম গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।