ভোটারদের জন্য খাবারের আয়োজন করেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থী। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ভেস্তে গেল সব আয়োজন। সেই বিরিয়ানি গেল কয়েকটি এতিমখানায়। আর প্রার্থীকে দিতে হয়েছে ১০ হাজার টাকা জরিমানা।
সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডে। এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান।
তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সোমবার দুপুরে টোক ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শফিকুল ইসলামের পক্ষে টোকনগর এলাকায় ভোটের প্রচারণা ও দেড় সহস্রাধিক ভোটারের জন্য খাবারের আয়োজন করা হয়।
কিন্তু সেখানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই আয়োজনে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতটি পাতিলে রান্না করা সব খাবার স্থানীয় পাঁচটি এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়।