শাহরুখের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 October, 2021, 3:12 PM
শাহরুখের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর কর্মকর্তারা
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক মামলায় বেশ কিছু কাগজপত্র নিয়ে সেখানে প্রবেশ করেছেন তারা। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
এনসিবি কর্মকর্তারা জানান, কোনো তল্লাশি করতে সেখানে যাননি তারা। মামলার কাগজপত্রের কাজে সেখানে গিয়েছেন কর্মকর্তারা।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে যে, আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে শাহরুখের বাড়ি মান্নাতের মূল ফটকের সামনে এনসিবি কর্মকর্তাদের লক্ষ করা গেছে। এসময় তাদের হাতে বেশ কিছু নথিপত্রও ছিল।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে কারাগারে ছেলেকে দেখতে গিয়েছেন ‘কিং খান’। আরিয়ান গ্রেফতার হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে এলেন এই অভিনেতা।
জানা যায়, কড়া নিরাপত্তার মধ্যে কারাগারে এসেছিলেন শাহরুখ। পরনে ছিল সাধারণ পোশাক, মুখে মাস্ক এবং চোখে সানগ্লাস। ছেলের সঙ্গে ১৫ মিনিটের মতো ছিলেন। এরপর গাড়িতে উঠে চলে যান।